রাজনৈতিক দলগুলোর সংস্কার চাহিদা অনুযায়ি ভোট অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নির্বাচনের সম্ভাব্য সময় নির্ভর করবে দেশের রাজনৈতিক দলগুলোর সংস্কার চাহিদার ওপর। যদি রাজনৈতিক দল মনে করে, অন্তবর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত তাহলে ভোটের জন্য সরকার আরও ৬ মাস সময় নেবে বলে জানিয়েছেন তিনি। সবার সাথে আলোচনার ভিত্তিতে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে প্রেস সচিব এ মন্তব্য করেন।
রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ৬ কমিশন ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এবং সবার সাথে আলোচনা করেই এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে এ সময় জানান তিনি।
শফিকুল আলম বলেন, লুটপাট-দুর্নীতি ও জুলাই-আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। মাইনাস টু ফর্মুলা নিয়ে সরকার ভাবছে না। অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল সে হিসেবে বর্তমান রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার, কিন্তু বর্তমানে তা আছে ২২ বিলিয়ন ডলারে। সে হিসেবে বলতে পারি আমরা ঘুরে দাঁড়িয়েছি।’
৩৯১ বার পড়া হয়েছে