রানওয়ে ছাড়াই উড়বে চীনের নতুন উড়ন্ত গাড়ি
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সড়কে চলার পাশাপাশি আকাশেও উড়তে পারবে—এমন একটি উড়ন্ত গাড়ি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং ও এর সহযোগী প্রতিষ্ঠান অ্যারিজ। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে যানটির ব্যাপক উৎপাদন শুরু হবে। একই বছরের দ্বিতীয়ার্ধে এটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার লক্ষ্য রয়েছে।
উড়ন্ত গাড়ির ধারণাকে বাস্তবে রূপ দিতে কাজ করছে চীনের প্রযুক্তি ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং এবং এর সহযোগী প্রতিষ্ঠান অ্যারিজ। তাদের তৈরি ‘ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার’ নামের যানটি সড়ক ও আকাশপথে চলাচলের সুবিধা দেবে। প্রচলিত উড়োজাহাজের মতো এর জন্য আলাদা রানওয়ে বা স্থায়ী হ্যাঙ্গারের প্রয়োজন হবে না।
২০২৫ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এআই দিবসে প্রকল্পটির ঘোষণা দেওয়া হয়। শুরুতে এটি ভবিষ্যতের প্রযুক্তি হিসেবে বিবেচিত হলেও ২০২৬ সালের এআই দিবস এবং নভেম্বরের শেষ দিকে প্রতিষ্ঠানটির সদর দপ্তর পরিদর্শনের পর যানটির কার্যকারিতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া গেছে। বিজিআরের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সড়কের গাড়ির সঙ্গে উড়োজাহাজ
ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার মূলত দুটি অংশের সমন্বয়ে তৈরি। এর একটি ট্রাকের মতো দেখতে সড়কে চলাচলকারী গাড়ি। অন্যটি পেছনের অংশে ভাঁজ করে রাখা ছোট হেলিকপ্টারের মতো বৈদ্যুতিক উড়োজাহাজ।
গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু যাতায়াতের মাধ্যম নয়; উড়োজাহাজটির ভ্রাম্যমাণ হ্যাঙ্গার ও চার্জিং স্টেশন হিসেবেও কাজ করবে। চালক নিজের পছন্দমতো স্থানে গাড়ি নিয়ে গিয়ে সেখান থেকে উড়োজাহাজটি আলাদা করে আকাশে উড়তে পারবেন। প্রতিষ্ঠানটির সদর দপ্তরে পরীক্ষামূলক প্রদর্শনের সময় চালকসহ উড়োজাহাজটিকে প্রায় পাঁচ মিনিট উড়তে দেখা গেছে।
রানওয়ে ছাড়াই উড্ডয়ন ও অবতরণ
উড়ন্ত অংশটিতে ব্যবহার করা হয়েছে ইভিটিওএল প্রযুক্তি। এ প্রযুক্তির মাধ্যমে কোনো রানওয়ে ছাড়াই উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে উড়োজাহাজটি। ফলে নির্দিষ্ট বিমানবন্দর বা দীর্ঘ রানওয়ের ওপর নির্ভর করতে হবে না।
প্রচলিত হেলিকপ্টার চালানোর ক্ষেত্রে হাত ও পায়ের জটিল সমন্বয়ের প্রয়োজন হয়। তবে অ্যারিজের এই উড়োজাহাজে রাখা হয়েছে তুলনামূলক সহজ নিয়ন্ত্রণ দণ্ড। প্রতিষ্ঠানটির দাবি, এটি অনেকটা ভিডিও গেম খেলার মতো সহজে পরিচালনা করা যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নিরাপত্তাব্যবস্থা
উড়োজাহাজটিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্বয়ংক্রিয় উড্ডয়নব্যবস্থার পাশাপাশি ম্যানুয়াল নিয়ন্ত্রণের সুবিধাও রয়েছে। নিরাপদ অবতরণে সহায়তার জন্য রাখা হয়েছে বিশেষ প্রযুক্তি। এ ছাড়া আশপাশে থাকা অন্য আকাশযান শনাক্ত করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ক্যামেরা, মনিটর ও লেজার প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
এক চার্জে ২০ মিনিট উড়বে
ব্যাটারির সক্ষমতা অনুযায়ী, একবার পূর্ণ চার্জে উড়োজাহাজটি সর্বোচ্চ ২০ মিনিট আকাশে থাকতে পারবে। গাড়ির অংশ থেকে প্রায় ৩০ মিনিটে উড়োজাহাজটি পূর্ণ চার্জ করা সম্ভব। এভাবে গাড়ির ব্যাটারি ব্যবহার করে সর্বোচ্চ ছয়বার পর্যন্ত উড়োজাহাজটিকে চার্জ দেওয়ার সুবিধা থাকবে।
উড়োজাহাজটির নকশা অনুযায়ী, সর্বোচ্চ ৮ হাজার ২০০ ফুট উচ্চতায় ওড়ার সক্ষমতা রয়েছে। তবে চীনের বর্তমান আইন অনুযায়ী, এটি সর্বোচ্চ ৩৯৪ ফুট উচ্চতায় উড়তে পারবে। ঘণ্টায় সর্বোচ্চ ২৫ মাইল বেগের বাতাসেও স্থিতিশীল থাকার সক্ষমতা রয়েছে যানটির।
বাণিজ্যিক ব্যবহারে প্রয়োজন অনুমোদন
যানটির হার্ডওয়্যারের নকশা চূড়ান্ত হলেও সাধারণ মানুষের ব্যবহারের জন্য বাজারে আনতে এখনো কিছু আইনি ও নিয়ন্ত্রক বাধা রয়েছে। আকাশযানসংক্রান্ত আইন ও বিধিমালা মেনে প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। পরীক্ষামূলক উড্ডয়নের জন্য বাণিজ্যিক পাইলট লাইসেন্স এবং উড়োজাহাজের ধরনসংক্রান্ত সনদ পেতে উড্ডয়ন পরীক্ষাও প্রয়োজন।
প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে যানটির ব্যাপক উৎপাদন শুরু হবে। একই বছরের দ্বিতীয়ার্ধে বাণিজ্যিকভাবে বাজারে আনার লক্ষ্য রয়েছে। এর সম্ভাব্য দাম ধরা হয়েছে প্রায় ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা।
চীনের বাজারে আনার আগে মধ্যপ্রাচ্যে যানটি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এরপর ব্রাজিলের মতো অন্যান্য দেশেও এটি নেওয়ার লক্ষ্য রয়েছে।
১২৭ বার পড়া হয়েছে