সর্বশেষ

সারাদেশ

পদ্মা সেতুর কাছে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ কর্মী নিহত

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পদ্মা সেতু সংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে নিজামউদ্দিন মৃধা (৪০) নামের আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোরে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ও মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিজামউদ্দিন মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবি, তিনি দলের সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোররাতে লকডাউনের সমর্থনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর ও নাওডোবা অংশে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ছাড়া জাজিরার নাওডোবা এলাকায় পদ্মাভ্যালি রেস্টুরেন্ট, বিএনপির একটি অস্থায়ী প্যান্ডেল ও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

সংঘর্ষে জাজিরা উপজেলার এক যুবলীগ কর্মীসহ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে নিজামউদ্দিন মৃধাও ছিলেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভিযোগ, তাঁদের মিছিল লক্ষ্য করে গুলি ছোড়া হলে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এদিকে ঢাকা-বরিশাল মহাসড়ক ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানেও সকাল থেকে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সড়কের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হলেও মহাসড়কে যানবাহনের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কম ছিল।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সংঘর্ষের মূল ঘটনা ঘটেছে শরীয়তপুরের জাজিরা থানার নাওডোবা এলাকায়। সেখানে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ শিবচরের এক বাসিন্দা ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন বলে তাঁরা খবর পেয়েছেন।

ওসি আরও বলেন, ঘটনাস্থল জাজিরা থানার অধীন হওয়ায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা সেখান থেকেই নেওয়া হবে। ঘটনার পর পদ্মা সেতু এলাকা ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০