চাঁদের মাটিতে আলু চাষে সফল বিজ্ঞানীরা
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১০:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
ভবিষ্যতে চাঁদে নভোচারীদের দীর্ঘমেয়াদি বসতি গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। কৃত্রিম চাঁদের মাটিতে আলু চাষ করে সফল হয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, জৈব উপাদান মিশিয়ে চাঁদের মাটিকে সমৃদ্ধ করা গেলে পৃথিবীর মাটির মতোই সেখানে আলুর ফলন পাওয়া সম্ভব।
আলু পৃথিবীর অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। শ্বেতসার, ভিটামিন, খনিজ ও আঁশের ভালো উৎস হওয়ায় ভবিষ্যতে চাঁদে বসবাসকারী নভোচারীদের খাদ্যতালিকায়ও গুরুত্বপূর্ণ স্থান পেতে পারে এই ফসল। সম্প্রতি কৃত্রিম চাঁদের মাটিতে নিরাপদ ও পুষ্টিকর আলু উৎপাদনে সফল হয়েছেন বিজ্ঞানীরা।
নাসার সহায়তায় পরিচালিত এ গবেষণায় ‘মোডক’ জাতের আলু ব্যবহার করা হয়েছে। জাতটির খোসা লাল, ভেতরের অংশ সাদা এবং এটি দ্রুত পরিপক্ব হয়। গবেষণায় দেখা গেছে, চাঁদের মাটিতে পর্যাপ্ত জৈব উপাদান যোগ করা হলে সেখানে ভালো ফলন পাওয়া যায়।
আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও চীন—উভয় দেশই চাঁদে নভোচারী পাঠানো এবং দীর্ঘমেয়াদি ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। তবে পৃথিবী থেকে প্রয়োজনীয় সব খাবার চাঁদে নিয়ে যাওয়া বাস্তবসম্মত নয়। এ কারণে ভবিষ্যতের চন্দ্রঘাঁটিতে বসবাসকারীদের জন্য স্থানীয়ভাবে খাদ্য উৎপাদনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’ সাময়িকীতে। এর প্রধান গবেষক ও ওরেগন স্টেট ইউনিভার্সিটির উদ্ভিদবিজ্ঞানী আইমেরিক গোয়ায়ের বলেন, অন্যান্য অনেক ফসলের তুলনায় আলু প্রতি একক জমিতে বেশি ক্যালরি সরবরাহ করতে পারে।
তিনি আরও জানান, আলু পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে কলার চেয়ে বেশি পটাশিয়াম রয়েছে। পাশাপাশি এটি ভিটামিন সি ও ভালো মানের প্রোটিনের উৎস। আলু খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে বলেও উল্লেখ করেন তিনি।
চাঁদের পৃষ্ঠের মাটিকে বৈজ্ঞানিকভাবে ‘লুনার রেগোলিথ’ বলা হয়। কোটি কোটি বছর ধরে উল্কাপিণ্ডের আঘাতে তৈরি এই মাটি মূলত চূর্ণ পাথর ও ধূলিকণার সমষ্টি। এর কণাগুলো অনেক সময় ধারালো ও কাচের মতো হয়। পৃথিবীর সাধারণ মাটির সঙ্গে এর বড় পার্থক্য হলো, এতে কোনো জৈব উপাদান নেই।
গবেষণায় বিজ্ঞানীরা কৃত্রিম রেগোলিথের সঙ্গে বিভিন্ন অনুপাতে ‘ভার্মিকম্পোস্ট’ মিশিয়েছেন। কেঁচোর মাধ্যমে জৈব বর্জ্য পচিয়ে তৈরি করা হয় এই পুষ্টিসমৃদ্ধ সার।
গোয়ায়ের বলেন, লুনার রেগোলিথে নাইট্রোজেন নেই। তাই এই উপাদান যোগ না করলে সেখানে কোনো ফসলই জন্মানো সম্ভব নয়। গবেষণায় দেখা গেছে, ভার্মিকম্পোস্ট ছাড়া শুধু রেগোলিথে লাগানো আলুগাছে প্রায় কোনো শিকড় বা কন্দ তৈরি হয়নি।
অন্যদিকে, ৯৫ শতাংশ রেগোলিথের সঙ্গে ৫ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশালে কিছু শিকড় ও কন্দের দেখা মিলেছে। তবে ৩০ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশানো মাটিতে আলুর ফলন পৃথিবীর মাটির সমপর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে ভালো আলু উৎপাদনের জন্য পরিচিত যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের হার্মিস্টন এলাকার মাটির মতো ফলন পাওয়া গেছে।
পরীক্ষার জন্য বিজ্ঞানীরা গ্রিনহাউসে আলু চাষ করেন। সেখানে সূর্যের আলো ও কৃত্রিম আলো—দুই ধরনের আলোর ব্যবস্থা ছিল। দিনের তাপমাত্রা রাখা হয়েছিল ৭২ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে চাঁদের মাটিতে উৎপাদিত আলুর স্বাদ এখনো পরীক্ষা করা হয়নি। গবেষক গোয়ায়ের জানান, সংগ্রহ করা আলুগুলো খাওয়ার পরিবর্তে পরীক্ষাগারে বিশ্লেষণের কাজে ব্যবহার করা হয়েছে। ফলে আলুর স্বাদ কেমন, তা এখনো জানা যায়নি।
১৩২ বার পড়া হয়েছে