বিজয় দিবস ঘিরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দুলুর
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১০:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
বিজয় দিবসকে কেন্দ্র করে যারা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তারা বাংলাদেশকে কতটা ভালোবাসে, তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, পতিত ফ্যাসিস্টরা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে পারেন। তবে তিনি একজন পলাতক এবং তাঁর বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আজ রোববার (২৯ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুদার বাঁশের তল এলাকায় অতিদরিদ্র পরিবারের জন্য পরিবেশবান্ধব ও দুর্যোগসহনশীল গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ‘ঠিকানা’ নামে একটি বাড়ির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।
আসাদুল হাবিব দুলু বলেন, যিনি দেশে আসতে চাইছেন, তিনি একজন পলাতক। তাঁর বিচারকাজ চলাকালে তিনি কেন দেশে আসেননি, সেই প্রশ্ন রয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির মাধ্যমেই পলাতক শেখ হাসিনা দেশে আসতে পারেন।
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার দেশে আসাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা দেশে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না।
বিজয় দিবসকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার সমালোচনা করে তিনি বলেন, যারা এ ধরনের পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের দেশপ্রেম নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। পতিত ফ্যাসিস্টরা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে দেশের জনগণ তা প্রতিহত করবে।
১২১ বার পড়া হয়েছে