উল্লাপাড়ায় কারখানায় গ্যাসে অসুস্থ ২০ নারী শ্রমিক
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি চামড়াজাত পণ্য উৎপাদনকারী কারখানায় বিষাক্ত গ্যাসের প্রভাবে অন্তত ২০ নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন জ্ঞান হারান। গুরুতর অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরঘাটি এলাকায় অবস্থিত এম অ্যান্ড এম ট্রাভেলিং গুডস বিডি লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকেরা জানান, শনিবার দুপুরের দিকে কর্মরত নারী শ্রমিকেরা একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন। তাঁদের মধ্যে কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলেন। পরে কারখানার অন্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অসুস্থ ব্যক্তিদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর কারখানার অন্যান্য শ্রমিক বাড়ি চলে যান।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক আবদুল আলীমের দাবি, কারখানায় জিনের আছর রয়েছে। তাঁর ভাষ্য, কোনো নারী শ্রমিকের ওপর জিন ভর করলে এ ধরনের সমস্যা হয়।
অন্যদিকে কারখানার মালিক মনোয়ার হোসেন মানিক বলেন, কারখানার ওয়াশরুমের গ্যাস বাইরে বের হতে না পারায় ভেতরে গ্যাস জমে এ সমস্যার সৃষ্টি হয়েছে। অসুস্থ শ্রমিকদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, কী কারণে শ্রমিকেরা অসুস্থ হয়েছেন, সে বিষয়ে চিকিৎসকেরা এখনো পুলিশকে কিছু জানাননি। তবে কারখানার ভেতরে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মী ও থানা-পুলিশের সদস্যরা কারখানাটি পরিদর্শন করেছেন।
১১০ বার পড়া হয়েছে