ঘিওরে ২২৯ কোটি টাকার উন্নয়ন বরাদ্দের কথা জানালেন এমপি জিন্নাহ কবির
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়নের কার্যক্রম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। তিনি জানিয়েছেন, ঘিওর উপজেলার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২২৯ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের শোলধারা এলাকায় সামাজিক সচেতনতা, মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
তিনি বলেন, কৃষক ও শ্রমিকের ভাগ্যের পরিবর্তন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যেই কৃষি কার্ড চালু করা হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে শোলধারার প্রকৃত কৃষকদের হাতেও কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে।
তারেক রহমানের প্রসঙ্গ তুলে জিন্নাহ কবির বলেন, তারেক রহমান জনগণের সঙ্গে বেইমানি করবেন না এবং জনগণকে বিপদে ফেলে দেশ ছেড়ে চলে যাবেন না।
নারীদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, অভাব-অনটনের কারণে অনেক নারী পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাঁদের স্বাবলম্বী ও আত্মমর্যাদাবান করে তুলতে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় উন্নয়ন কার্যক্রমের তথ্য তুলে ধরে সংসদ সদস্য বলেন, বানিয়াজুরি ইউনিয়নের ১০টি ধর্মীয় প্রতিষ্ঠানে ইতিমধ্যে অনুদান দেওয়া হয়েছে। নির্মাণ করা হয়েছে কয়েকটি ছোট সড়ক। এ ছাড়া ১৫টির বেশি কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পের বরাদ্দের মাধ্যমে বিভিন্ন উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। উন্নয়নের এ কার্যক্রম শোলধারাসহ এলাকার বিভিন্ন স্থানে পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, সড়ক, সেতু, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের তালিকা প্রস্তুত করা হয়েছে। ঘিওর উপজেলার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও মন্দিরের উন্নয়নে ২২৯ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। আগামী ছয় মাসের মধ্যে সেতু, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়সহ বিভিন্ন খাতের উন্নয়নকাজ দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বক্তব্যের শেষে সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে সব সময় জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন সংসদ সদস্য।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শহীদুল ইসলাম, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবীর, বানিয়াজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল আওয়াল এবং আলোর দিশারী যুব সংঘের সাধারণ সম্পাদক মো. আওয়াল ফজরসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
১৪২ বার পড়া হয়েছে