ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, গজারিয়ায় গ্রেপ্তার ৪
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ২:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে কাভার্ডভ্যান ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস, লুণ্ঠিত কাভার্ডভ্যান এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সময়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাব পরিচয়ে ডাকাতি ও দস্যুতার সঙ্গে জড়িত ছিলেন।
শনিবার (২৮ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আরপি এন্টারপ্রাইজের মালিক চট্টগ্রাম থেকে ঢাকায় পণ্য পরিবহনের জন্য নিয়মিত পণ্যবাহী গাড়ি পাঠান। এরই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে ৩০০ বস্তা প্লাস্টিক দানা একটি কাভার্ডভ্যানে করে ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেট্রো-ন-২৩-১৫২৬ নম্বরের নীল-হলুদ রঙের কাভার্ডভ্যানটিতে থাকা প্লাস্টিক দানার বাজারমূল্য ছিল প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকা।
এজাহার অনুযায়ী, পরদিন ১৯ নভেম্বর ভোর ৪টা থেকে ৫টার মধ্যে কাভার্ডভ্যানটি গোমতী-দাউদকান্দি সেতুর টোল প্লাজা পার হয়ে গজারিয়া থানার বালুয়াকান্দি এলাকায় ভূঁইয়া পাম্পের বিপরীত পাশে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে পৌঁছায়। এ সময় একটি সাদা রঙের টয়োটা নোয়া মাইক্রোবাস থেকে চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কাভার্ডভ্যানটিকে থামার সংকেত দেন।
চালক গাড়ি থামালে তাঁকে মারধর করেন ওই ব্যক্তিরা। গাড়িতে মাদক রয়েছে বলে অভিযোগ তুলে তাঁরা চালকের মুঠোফোন, গাড়ির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলার কথা বলে চালককে নিজেদের গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। তাঁদের একজন তখন কাভার্ডভ্যানটিতে অবস্থান করেন।
পরে চালককে কুমিল্লার একটি নির্জন স্থানে নামিয়ে দিয়ে কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যান তাঁরা। লুণ্ঠিত কাভার্ডভ্যানটির আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা। এতে থাকা ৩০০ বস্তা প্লাস্টিক দানার মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে লুণ্ঠিত সম্পদের পরিমাণ প্রায় ৪৯ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় ২৭ নভেম্বর গজারিয়া থানায় দণ্ডবিধির ১৭০ ও ৩৯৪ ধারায় মামলা করা হয়। মামলার এফআইআর নম্বর ২৪।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ, পিপিএম (সদর সার্কেল)-এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার বিভিন্ন এলাকায় তথ্য বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযান চালায়।
এ অভিযানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ঢাকার লালবাগ থানার জগন্নাথশাহ এলাকার রাজু আহমেদ (৪০), কামরাঙ্গীরচর এলাকার নুরুজ্জামান (২৯), লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাড়োঘড়িয়া পাটোয়ারী বাড়ি এলাকার মো. খোরশেদ আলম (৪৫) এবং মাদারীপুরের শিবচর থানার ওমেদপুর এলাকার মো. জাকির হোসেন (৩১)।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো-চ-১২-৮২৪৫ ও ঢাকা মেট্রো-চ-১৪-৬৮৭৪ নম্বরের দুটি নোয়া মাইক্রোবাস উদ্ধার করা হয়। পাশাপাশি লুণ্ঠিত ঢাকা মেট্রো-ন-২৩-১৫২৬ নম্বরের কাভার্ডভ্যানটিও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের অভিযানে দুটি নোয়া মাইক্রোবাস ও একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যান ছাড়াও উদ্ধার করা হয়েছে একটি লেজার লাইট বা টার্গেট লাইট, সাংবাদিক পরিচয়সংবলিত একটি ‘প্রেস’ স্টিকার, জরুরি চিকিৎসক পরিচয়ের একটি স্টিকার, একটি ছোট টর্চলাইট ও দুটি লাঠি।
পুলিশ জানায়, ২৭ নভেম্বর গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বিভিন্ন সময়ে পুলিশ, ডিবি পুলিশ ও র্যাব পরিচয়ে ডাকাতি ও দস্যুতার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন। এ ঘটনায় তাঁদের সঙ্গে আরও দুই থেকে তিনজনের সম্পৃক্ততা থাকতে পারে বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের কাছে আরও লুণ্ঠিত মালামাল রয়েছে বলেও ধারণা করছে পুলিশ।
তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় দস্যুতার মামলাটি দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় ডাকাতির মামলায় রূপান্তর করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১১৩ বার পড়া হয়েছে