ভবদহের জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সরকার: চার মন্ত্রী
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন চার মন্ত্রী। তাঁরা বলেছেন, স্বল্পমেয়াদি উদ্যোগের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করা হবে। এ লক্ষ্যে চলমান খাল খনন কার্যক্রমের পাশাপাশি ভবদহ ব্যারেজ প্রকল্প ও জোয়ারাধার ব্যবস্থাপনা (টিআরএম) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার বৃহত্তর যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভায় মন্ত্রীরা সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
সভা শেষে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ভবদহের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের কথা তাঁরা শুনেছেন। বর্তমানে ৮১ কিলোমিটার খাল খননের কাজ চলছে, যা আগামী জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর নতুন করে আমডাঙ্গা খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, শিবসা নদীর পানির প্রবাহ ও গতিপ্রকৃতি ঠিক রেখে প্রায় ৯০ কিলোমিটার খালের সঙ্গে আরও ৫০ কিলোমিটার খাল খননের প্রয়োজন রয়েছে। এ বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। চলমান ৮১ কিলোমিটার খাল খনন প্রকল্পের কাজ গত অর্থবছরে দৃশ্যমান হয়েছে এবং মানুষ এর সুফল পেতে শুরু করেছে। বাকি কাজ আগামী অর্থবছরে শেষ করার লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে।
পানি সম্পদমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহের পরিস্থিতি সম্পর্কে অবহিত আছেন। তিনি কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করে এলাকার মানুষকে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এর আগে পর্যালোচনা সভায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, বর্তমান সরকার জনগণের অনুভূতি বুঝে কাজ করছে। বিগত সরকারের সময়ে ভবদহের মানুষের স্বার্থে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
মন্ত্রী জানান, বর্তমান সরকার গঠনের দেড় মাসের মাথায় ভবদহের ব্যারেজ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। এত বড় প্রকল্প অল্প সময়ে অনুমোদন পাওয়া সহজ নয়। এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফল।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালে প্রকল্পটি হাতে নিয়েছিলেন। এরপর ২০১৬ সাল পর্যন্ত প্রকল্পটি যাচাই-বাছাইয়ের পর্যায়ে ছিল। প্রকল্পটি বাস্তবায়নের কাজ দৃশ্যমান হওয়ার প্রত্যাশা থাকলেও পরবর্তী সময়ে তা বাতিল করা হয় বলে অভিযোগ করেন তিনি।
পানি সম্পদমন্ত্রী বলেন, আগামী সাত বছরের মধ্যে ব্যারেজ প্রকল্পের কাজ দৃশ্যমান হবে। দেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি হবে। তবে দীর্ঘমেয়াদি প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই স্বল্পমেয়াদি উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সরকার।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে ভবদহ এলাকায় ব্যক্তিস্বার্থে কাজ হয়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমান সরকার কোনো বিশেষ উদ্দেশ্যে প্রকল্প অনুমোদন কিংবা ব্যক্তিগত সুবিধা গ্রহণের সুযোগ দেবে না। সব কার্যক্রম স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হবে।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে মন্ত্রিত্বের আলোচনায় সবচেয়ে বেশি এসেছে ভবদহের বিষয়টি। এলাকার মানুষকে সমস্যা থেকে মুক্তি পেতে যুগের পর যুগ অপেক্ষা করতে হোক, তা তাঁরা চান না। দ্রুত সমাধান করাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে কাজ এগিয়ে চলছে। জোয়ারাধার ব্যবস্থাপনা (টিআরএম) অবশ্যই বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) প্রকল্পটি মূল উদ্যোগের সহযোগী হিসেবে কাজ করবে।
কৃষিমন্ত্রী আরও বলেন, বিএডিসির উদ্যোগের লক্ষ্য আগামী এক থেকে দুই বছরের মধ্যে ভবদহ এলাকার মানুষকে আবার চাষাবাদের আওতায় ফিরিয়ে আনা। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ পরিস্থিতি নিয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন।
আমিন উর রশিদ বলেন, ভবদহের মাটি অত্যন্ত উর্বর। জলাবদ্ধতা থেকে মানুষকে মুক্ত করে কৃষিকাজে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের উদ্যোগে ভবদহের উন্নয়নে নেওয়া প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হয়েছেন। দ্রুত কাজ করে মানুষের দুর্ভোগ কমাতে সরকার প্রস্তুত রয়েছে। তবে স্থায়ী সমাধানে কিছুটা সময় লাগতে পারে।
আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ভবদহের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়া প্রয়োজন। এ লক্ষ্যে বেগম খালেদা জিয়ার আনুকূল্যে তরিকুল ইসলাম ভবদহের উন্নয়নে কাজ করেছিলেন। বর্তমান সরকারও এ সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে।
সভাপতির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬ সালে বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় ভবদহের স্থায়ী সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা-মায়ের দেখানো পথে দেশের উন্নয়নে কাজ করছেন। এ কারণেই ভবদহের উন্নয়নেও প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন।
সভায় আরও বক্তব্য দেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এবং ভবদহপাড়ের বাসিন্দা ফিরোজ আলম ও কামরুজ্জামান লিটন।
১৩৭ বার পড়া হয়েছে