চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল নেশার সিরাপ উদ্ধার, নারী আটক
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ১৮৩ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাহিরন বেগম (৩৯) নামের এক নারীকে আটক করা হয়েছে। তবে তাঁর স্বামী শাকিউল হক পালিয়ে গেছেন।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এসআরবি। উদ্ধার করা সিরাপের মধ্যে রয়েছে ১৫৩ বোতল ফেয়ারডিল, ২৯ বোতল ভিনকফ-কেটি ও এক বোতল ফেনসিডিল। এসব মাদকের আনুমানিক মূল্য ৭৩ হাজার ২০০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের ফুটানী বাজার এলাকার চামুশা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। সেখানে মাদক কারবারি শাকিউল হকের বসতবাড়িতে তল্লাশি চালায় এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।
এসআরবির উপস্থিতি টের পেয়ে শাকিউল হক পালিয়ে যান। এ সময় তাঁর স্ত্রী মাহিরন বেগমকে শয়নকক্ষ থেকে আটক করা হয়। ঘরের ভেতরে প্লাস্টিকের বস্তায় রাখা ১৮৩ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় নেশার সিরাপ উদ্ধার করা হয়।
আটক মাহিরন বেগম ভোলাহাট উপজেলার ফুটানী বাজার এলাকার চামুশা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি শাকিউল হকের স্ত্রী।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত। আটক নারী ও উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
১৪১ বার পড়া হয়েছে