বান্দরবানে পাহাড়ে লুকানো ৯৯ রাউন্ড গুলি উদ্ধার
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৩:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বান্দরবান সেক্টরের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনের পাহাড়ি এলাকায় গোপনে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুত রাখার তথ্য পাওয়া যায়।
এই তথ্যের ভিত্তিতে বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে নেতৃত্ব দেন ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক। তাঁর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সন্দেহজনক পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে।
শনিবার দুপুর ১টায় শুরু হওয়া অভিযানে দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের ভেতর অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গুলি উদ্ধার করা হয়।
বিজিবির প্রাথমিক ধারণা, উদ্ধার করা এসব গোলাবারুদ আঞ্চলিক কোনো সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি জানিয়েছে, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।
১২০ বার পড়া হয়েছে