সর্বশেষ

জাতীয়

সালনায় আহত আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক

এম হাফিজ
এম হাফিজ

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের সালনা এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ চলাকালে হামলায় আহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯ সদস্যকে দেখতে হাসপাতালে গেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

শনিবার (২৮ নভেম্বর) আনসার-ভিডিপি হাসপাতালে গিয়ে আহত তিন কর্মকর্তা ও ছয় আনসার ব্যাটালিয়ন সদস্যের সঙ্গে কথা বলেন মহাপরিচালক। তিনি তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সাহস ও মনোবল জোগান। পাশাপাশি চিকিৎসার মান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর গাজীপুরের সালনা এলাকায় দায়িত্ব পালনকালে আনসার ব্যাটালিয়ন সদস্য ও কর্মকর্তাদের ওপর আকস্মিক হামলার ঘটনা ঘটে। এতে বাহিনীর নয়জন সদস্য আহত হন। পরে তাঁদের আনসার-ভিডিপি হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই মহাপরিচালকের নির্দেশনায় অতিরিক্ত মহাপরিচালকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার বিষয়টি তদারকি করেন।

হামলায় আহত তিন কর্মকর্তা হলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, সার্কেল অ্যাডজুট্যান্ট রনি ও সার্কেল অ্যাডজুট্যান্ট আরাফাত।

আহত আনসার ব্যাটালিয়ন সদস্যরা হলেন হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আ. রহিম, নায়েক শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান, সিপাহি মহসিন ও সিপাহি মাসুম শেখ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত নয়জনের সবাই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তাঁরা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।

হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, সালনায় দায়িত্ব পালনরত আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যদের ওপর সহস্রাধিক দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়।

তাঁর ভাষ্য অনুযায়ী, দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করেন এবং হামলার আঘাত সহ্য করেন। পরে একটি দোকানে আশ্রয় নিলেও হামলাকারীরা তাঁদের লক্ষ্য করে গরম পানি নিক্ষেপসহ বিভিন্নভাবে আক্রমণ চালায়।

মহাপরিচালক বলেন, শ্রমিকদের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে আনসার সদস্যরা সর্বোচ্চ ধৈর্য ও পেশাদারত্বের পরিচয় দিয়েছেন।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, পুলিশসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে দ্রুত অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। পরে মহাসড়কের প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচলসহ জনজীবন স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় ইতিমধ্যে প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।

পরিদর্শনকালে চিকিৎসকদের সঙ্গে আহত সদস্যদের চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা করেন মহাপরিচালক। প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পরিচর্যা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

মহাপরিচালক বলেন, আহত সদস্যদের সাহসিকতা ও আত্মত্যাগ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব পালনের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০