রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সাহসী পদক্ষেপ, আঙুলের টেন্ডন হারালেন মিঠু
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকারি সম্পদ রক্ষায় নিজের নিরাপত্তার কথা ভাবেননি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মিঠু হালদার। বরিশাল বিমানবন্দরে বৈদ্যুতিক কেবল চুরির সময় এক ব্যক্তিকে আটক করতে গিয়ে অভিযুক্ত ব্যক্তির ধারালো কাঁচির আঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি। তাঁর বৃদ্ধাঙ্গুলির টেন্ডন কেটে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এমন মুহূর্তেও দায়িত্বের প্রতি অবিচল থেকে নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন মিঠু হালদার।
দায়িত্ব পালনের সময় চোখের সামনে সরকারি সম্পদ চুরি হতে দেখে নীরব থাকেননি মিঠু হালদার। নিজের নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে চোরকে আটক করতে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত চোরকে আটক করা সম্ভব হলেও গুরুতর আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে এই আনসার সদস্যকে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল আনুমানিক ছয়টার দিকে বরিশাল বিমানবন্দরের আনসার গার্ডের ২৫ নম্বর পোস্টে এ ঘটনা ঘটে।
দায়িত্ব পালনকালে মিঠু হালদার দেখতে পান, ঘাস কাটার শ্রমিকদের সঙ্গে এক ব্যক্তি পোস্টের ভেতরে প্রবেশ করেছেন। পরে ওই ব্যক্তি মাটি খুঁড়ে বৈদ্যুতিক কেবল চুরি করছিলেন। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে তাঁকে আটক করতে এগিয়ে যান মিঠু।
এ সময় অভিযুক্ত ব্যক্তি হাতে থাকা কাঁচি দিয়ে তাঁর মাথায় আঘাত করার চেষ্টা করেন। আত্মরক্ষার্থে হাত দিয়ে সেই আঘাত প্রতিহত করতে গিয়ে মিঠুর আঙুল গুরুতরভাবে জখম হয়। ঘটনার কিছুক্ষণ পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আহত অবস্থায় মিঠু হালদারকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তাঁর বৃদ্ধাঙ্গুলির টেন্ডন কেটে গেছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
পরে জেলা কমান্ড্যান্টের অনুমতিক্রমে রেঞ্জ অফিসের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সিপাহি মো. আজাদ হোসেনের সঙ্গে তাঁকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
নিজের নিরাপত্তার চেয়েও রাষ্ট্রীয় সম্পদ রক্ষাকে প্রাধান্য দিয়ে মিঠু হালদার যে সাহসিকতা দেখিয়েছেন, তা দায়িত্বের প্রতি তাঁর গভীর নিষ্ঠার পরিচয় বহন করে। তাঁর এই তাৎক্ষণিক পদক্ষেপে চুরির ঘটনা প্রতিরোধের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকেও আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিকূল পরিস্থিতিতেও দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। মিঠু হালদারের এই সাহসিকতা সেই অঙ্গীকারেরই একটি দৃষ্টান্ত।
১২১ বার পড়া হয়েছে