মোংলায় স্কুলের শ্রেণিকক্ষ দখল করে শিক্ষিকার বসবাসের অভিযোগ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ দখল করে স্বামী ও সন্তানদের নিয়ে ১০ থেকে ১২ বছর ধরে বসবাস করছেন এক সহকারী শিক্ষিকা—এমন অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের বেঞ্চ, চেয়ার-টেবিল ও অন্যান্য সরকারি আসবাবপত্র ব্যক্তিগত কাজে ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ওয়াশরুমও দখলে রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বিদ্যালয়ের পাঠদান ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে দাবি স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর।
অভিযুক্ত শিক্ষিকার নাম আফরোজা বুলবুল। তিনি মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের চৌরিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ১৯৯৭ সালের ১০ মে সহকারী নারী শিক্ষিকা হিসেবে তিনি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগ দেন। তাঁর বাবার বাড়ি পার্শ্ববর্তী পেড়িখালী ইউনিয়নের শিকিরডাঙ্গা গ্রামে। চাকরিসূত্রে খুলনার নিরালা নাজিরঘাট এলাকার আমিনুল হকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে তিন সন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিভাবকদের ভাষ্য, কর্মজীবনের শুরুতে বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব পালন করলেও ২০১২ সালের শুরুর দিকে তিনি চৌরিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। এরপর থেকে মোংলায় বসবাস শুরু করেন। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের তৎকালীন পরিচালনা কমিটির সভাপতি তাঁর জামাই হওয়ায় পারিবারিক সম্পর্ক ও প্রভাব কাজে লাগিয়ে তিনি বিদ্যালয় ভবনের দুটি কক্ষ দখলে নেন। পরে স্বামী ও সন্তানদের নিয়ে সেখানেই বসবাস শুরু করেন।
স্থানীয়দের অভিযোগ, শ্রেণিকক্ষের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে সরকারি বেঞ্চ, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র ব্যবহার করে সেখানে শোবার ঘর, খাবার ঘর ও রান্নাঘর তৈরি করা হয়েছে। ব্যক্তিগত মালামাল রাখার জন্যও বিদ্যালয়ের জায়গা ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত ওয়াশরুমটি ওই শিক্ষিকা ও তাঁর স্বামী ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে স্থানীয় নেতাকর্মীরা একবার ওই শিক্ষিকাকে বিদ্যালয় ভবন থেকে সরিয়ে দিয়েছিলেন। তবে প্রায় ছয় মাস পর, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি আবারও বিদ্যালয়ের কক্ষগুলোতে বসবাস শুরু করেন। অভিযোগ রয়েছে, সে সময় প্রভাব খাটিয়ে কক্ষ থেকে নিজের মালামাল ও আসবাবপত্র সরাতে দেননি তিনি। ফলে আগের মতোই বিদ্যালয়ের কক্ষগুলোতে তাঁর বসবাস অব্যাহত রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা আফরোজা বুলবুলের দাবি, বিদ্যালয় ভবনে তাঁর বসবাসের বিষয়টি প্রধান শিক্ষক আবদুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস, ক্লাস্টার কর্মকর্তা ললোন কুমার মণ্ডলসহ সংশ্লিষ্ট সবাই জানেন।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রভাব ও ক্ষমতার কারণে এত দিন বিষয়টি নিয়ে কেউ কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। তাঁদের মতে, সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও আসবাবপত্র ব্যক্তিগত কাজে ব্যবহার এবং শিক্ষার্থীদের ওয়াশরুম দখলে রাখার অভিযোগের সুষ্ঠু তদন্ত প্রয়োজন।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ওয়াশরুম কিংবা সরকারি সম্পদ ব্যক্তিগত বসবাস ও পারিবারিক কাজে ব্যবহারের কোনো সুযোগ নেই। দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটে থাকলে তা গুরুতর অনিয়ম ও শৃঙ্খলাপরিপন্থী কাজ। বিষয়টি তাঁদের নজরে এসেছে। সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ওয়াশরুম ও সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের কোনো সুযোগ নেই। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চলে থাকলে তা অত্যন্ত দুঃখজনক ও বেআইনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, মোংলা পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়নে ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন। তবে এসব বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ নিয়ে উদ্বেগ রয়েছে। চৌরিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে বসবাসের অভিযোগও সেই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।
১১৫ বার পড়া হয়েছে