সর্বশেষ

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকারি পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি চাকরিজীবী পুরুষদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকার। সন্তান জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন আগে থেকে অথবা জন্মের পর ছয় মাসের মধ্যে এ ছুটি নিতে পারবেন বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা।

তামিলনাড়ুতে প্রথমবারের মতো সরকারি পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু হলো। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সরকারি পুরুষ কর্মীদের পক্ষ থেকে পিতৃত্বকালীন ছুটি চালুর দাবি জানিয়ে আবেদন পাওয়ার পর রাজ্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্তান জন্মের সময় মা ও শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় স্ত্রীর পাশে থাকা এবং নবজাতকের যত্নে বাবার অংশগ্রহণ নিশ্চিত করতে বিবাহিত পুরুষ সরকারি কর্মীদের ১৫ দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্তান জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন আগে থেকে অথবা সন্তান জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে সুবিধাজনক সময়ে এ ছুটি নেওয়া যাবে।

রাজ্য সরকার মনে করে, নারী সরকারি কর্মীদের জন্য ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটি চালু হলে পারিবারিক দায়িত্ব ভাগাভাগি সহজ হবে। একই সঙ্গে সন্তান লালন-পালনে বাবার সক্রিয় অংশগ্রহণও বাড়বে।

এর আগে গত আগস্টে তৃতীয় সন্তান জন্মের ক্ষেত্রে নারী সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করার ঘোষণা দিয়েছিল তামিলনাড়ু সরকার।

রাজ্যটিতে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়েছে। ২০১১ সালে প্রথমে ৯০ দিন থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়। পরে ২০১৬ সালে তা বাড়িয়ে নয় মাস করা হয়। ২০২১ সালের জুলাইয়ে ছুটির মেয়াদ আরও বাড়িয়ে এক বছর বা ৩৬৫ দিন নির্ধারণ করা হয়। সে সময় দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম (এআইএডিএমকে) নেতৃত্বাধীন সরকারগুলো এসব সিদ্ধান্ত নিয়েছিল।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত যোগ্যতার শর্ত অনুযায়ী, দুইয়ের কম জীবিত সন্তান রয়েছে—এমন নিয়মিত নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান।

তবে সুপ্রিম কোর্টের নির্দেশনা এবং পরবর্তী সময়ে রাজ্য সরকারের সংশোধিত বিধান অনুযায়ী, দুই বা তার বেশি জীবিত সন্তান রয়েছে—এমন নারী সরকারি কর্মীরাও পূর্ণ বেতনে ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকারী।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০