হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৯
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ১ হাজার ১০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে মোট ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। মৃতদের প্রায় সবাই শিশু।
চলতি বছরের জানুয়ারিতে প্রথম কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে হাম রোগী শনাক্ত হয়। পরবর্তী সময়ে ফেব্রুয়ারি মাসে রাজধানীর কয়েকটি বস্তিতেও রোগটির সংক্রমণ দেখা দেয়।
তবে সরকারিভাবে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগী এবং মৃত্যুর তথ্য প্রকাশ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।
১০৪ বার পড়া হয়েছে