জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও মেলা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৮:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পুলিশ লাইন মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
মেলা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক মো. আলম শরীফ খানসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ খাতে বেকার যুবকদের সম্পৃক্ত করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।
তাঁরা বলেন, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যুবকেরা নিজেরাই উদ্যোক্তা হয়ে বিভিন্ন ধরনের পশু-পাখির খামার গড়ে তুলতে পারেন। এসব খামার থেকে ডিম ও মাংস উৎপাদন ও বিক্রির মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখা সম্ভব।
এবারের প্রাণিসম্পদ মেলায় বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে মোট ২৯টি স্টল স্থান পেয়েছে।
১১৭ বার পড়া হয়েছে