সর্বশেষ

বিনোদন

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা না পেয়ে যা বললেন মাহি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির। প্রত্যাশিত ফল না পেলেও প্রতিযোগিতায় নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই প্রতিযোগী।

মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন সামিরা খান মাহি। সেখানে তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতিনিধিত্ব করতে নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে শেষ পর্যন্ত প্রত্যাশিত ফল অর্জন করতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখিত।

মাহি লেখেন, ‘বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি।’

সমর্থকদের পাশে থাকার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, তাঁর জন্য দেশবাসী যেভাবে চেষ্টা করেছেন এবং দিনরাত সমর্থন দিয়েছেন, তা কখনো ভুলবেন না। তবে তাঁর প্রতি মানুষের যে বিশ্বাস ও প্রত্যাশা ছিল, তা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।

প্রতিযোগিতার ফলাফলকে জীবনের সবকিছু মনে করেন না মাহি। তাঁর ভাষায়, জীবনের সব চেষ্টা প্রত্যাশিত ফল নিয়ে আসে না। কিন্তু তাতে সেই চেষ্টার মূল্য কমে যায় না। কিছু অভিজ্ঞতা, মুহূর্ত ও অনুভূতি সারা জীবন মনে থেকে যায়।

সমর্থকদের ভালোবাসাকে যেকোনো অর্জনের চেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করে মাহি বলেন, তিনি হয়তো প্রত্যাশা পূরণ করতে পারেননি, কিন্তু মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা তাঁর কাছে অনেক বেশি মূল্যবান।

বার্তার শেষাংশে বাংলাদেশের প্রতি ভালোবাসা ও গর্ব প্রকাশ করেন এই প্রতিযোগী। তিনি বলেন, বাংলাদেশই তাঁর পরিচয় ও গর্ব। দেশবাসীর ভালোবাসা সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চান তিনি। পাশাপাশি তাঁকে বিশ্বাস করা, পাশে থাকা এবং ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

মিস ইউনিভার্সে বাংলাদেশের অংশগ্রহণের ইতিহাসে ২০১৯ সালে প্রথমবারের মতো দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অনিকা আলম এবং গত বছর তানজিয়া জামান মিথিলা সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা করে নেন।

সেই ধারাবাহিকতায় এবার সামিরা খান মাহিকে ঘিরেও প্রত্যাশা ছিল। তবে এবারের আসরে সেরা ৩০-এ পৌঁছানোর আগেই থেমে গেল বাংলাদেশের প্রতিনিধির যাত্রা।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০