প্রথমবার রানওয়েতে হেঁটেই বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন জেনিফার
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জীবনে প্রথমবার রানওয়েতে হেঁটেছিলেন মাত্র নয় মাস আগে। এর মধ্যেই ইতিহাস গড়ে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী মনোবিজ্ঞানী ও সমাজকর্মী জেনিফার বারেত্তো। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে পুয়ের্তো রিকোর সান জুয়ানে অনুষ্ঠিত প্রতিযোগিতার ৭৫তম আসরে সেরা নির্বাচিত হন তিনি। এই জয়ের মধ্য দিয়ে প্রথম মা হিসেবে মিস ইউনিভার্সের খেতাব জিতলেন জেনিফার।
পুয়ের্তো রিকোর সান জুয়ানের কোলিসিও হোসে মিগুয়েল অ্যাগ্রেলটে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব। সেখানে জেনিফেনর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ।
জেনিফারের এই জয়ের মধ্য দিয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পুয়ের্তো রিকোর শিরোপার সংখ্যা দাঁড়াল ছয়ে। তবে তাঁর ব্যক্তিগত অর্জনের বিশেষত্ব হলো, প্রতিযোগিতাটির ইতিহাসে তিনিই প্রথম মা, যিনি বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন।
নয় মাসের পথচলায় বিশ্বজয়
সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে জেনিফারের যাত্রা খুব বেশি দিনের নয়। এর আগে কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেননি তিনি। ‘ওলা’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জেনিফার জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে জীবনে প্রথমবার রানওয়েতে হাঁটেন। জাতীয় পর্যায়ের মুকুট জয়ের মাত্র চার মাস আগে শুরু হয়েছিল তাঁর এই যাত্রা।
সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করে কাগুয়াসের সেন্ট্রো দে বেলাস আর্টসে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর মুকুট জেতেন তিনি। পুয়ের্তো রিকোর ন্যাশনাল ফাউন্ডেশন ফর পপুলার কালচারকে দেওয়া বক্তব্যে জেনিফার জানান, নতুন একটি অভিজ্ঞতা অর্জনের আগ্রহ থেকেই মূলত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
নিজেকে নতুন কিছু চেষ্টা করতে ভালোবাসেন এমন একজন মানুষ হিসেবে পরিচয় দেন তিনি। জাতীয় পর্যায়ে জয়ের পর ‘এল ভোসেরো’কে জেনিফার বলেন, মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় তিনি যে মানুষ ছিলেন, এখন আর সেই মানুষটি নেই।
এবারের প্রতিযোগিতার আয়োজক দেশ ছিল পুয়ের্তো রিকো। তাই জাতীয় বিজয়ী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীদের স্বাগত জানানোর দায়িত্বও পালন করেন জেনিফার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে ‘লা বারেত্তো’ নামেও পরিচিতি পেয়েছেন তিনি।
পরিবার ও সমাজসেবায় যুক্ত জেনিফার
জেনিফার বিবাহিত। তাঁর সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে, যার নাম পেনেলোপে। জাতীয় পর্যায়ে মুকুট জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁর স্বামী জিন কার্লোস বারেত্তো ও মেয়ে পাশে ছিলেন।
২০২৪ সালে জেনিফার কোলনের পর মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর মুকুটজয়ী দ্বিতীয় মা তিনি।
জেনিফারের কাজের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র মানসিক স্বাস্থ্য সচেতনতা। বিশেষ করে নারী ও পরিবারের মানসিক সুস্থতা নিয়ে কাজ করতে চান তিনি। একই সঙ্গে মাতৃত্ব যে ব্যক্তিগত কিংবা পেশাগত লক্ষ্য অর্জনের পথে বাধা নয়, সেটিও তুলে ধরতে আগ্রহী। এ ছাড়া পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করেন তিনি।
শৈশব, প্রস্তুতি ও ফাইনাল
পুয়ের্তো রিকোর ইসাবেলায় বেড়ে ওঠা জেনিফারের মধ্যে ছোটবেলা থেকেই মানুষের সেবা করার মানসিকতা গড়ে ওঠে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভলিবলের প্রতি তাঁর আগ্রহ ছিল। তাঁকে বড় করে তোলার ক্ষেত্রে নানা-দাদারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মায়ের সঙ্গে বসে মিস ইউনিভার্স প্রতিযোগিতা দেখেই বড় হয়েছেন তিনি।
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে প্রায় ৭০ পাউন্ড ওজন কমিয়েছিলেন জেনিফার। তাঁর জাতীয় পোশাক তৈরি করা হয়েছিল ‘মোরিভিভি’ উদ্ভিদের অনুপ্রেরণায়।
চূড়ান্ত পর্বের প্রশ্নোত্তর অংশে তাঁকে জিজ্ঞাসা করা হয়, দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব বাড়তে থাকলে কোন মানবিক মূল্যবোধটি সংরক্ষণ করা প্রয়োজন।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান প্রজাতন্ত্রের মেলিসা নুনেজ। দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, তৃতীয় ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডর্স্কি এবং চতুর্থ নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারিও লোপেজ ও ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল।
জেনিফারের জয়ের মধ্য দিয়ে মিস ইউনিভার্সের মুকুটজয়ী পুয়ের্তো রিকোর তালিকায় নতুন নাম যুক্ত হলো। এর আগে দেশটির হয়ে এই খেতাব জিতেছেন মারিসল মালারেট (১৯৭০), ডেবোরাহ কার্থি-দেউ (১৯৮৫), দায়ানারা টরেস (১৯৯৩), ডেনিস কুইন্যান্স (২০০১) ও জুলিয়েকা রিভেরা (২০০৬)।
১৩৫ বার পড়া হয়েছে