রংপুরে চার খুনের নেপথ্যে চুরির পরিকল্পনা: পুলিশ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার পেছনে চুরির পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে যান গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। ছাদে অপেক্ষার সময় গণপতি চক্রবর্তী তাঁদের দেখে ফেলায় প্রথমে তাঁকে হত্যা করা হয়। পরে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তাঁরা। তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাঁদের জবানবন্দির সঙ্গে মিলেছে।
সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি বলেন, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য জেনেই দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন।
তদন্তে জানা গেছে, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে যান দুই আসামি। তাঁরা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় তাঁরা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদে শব্দ শুনে সেখানে যান গণপতি চক্রবর্তী। তিনি দুই আসামিকে দেখে ফেললে তাঁর গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী। পুলিশের দাবি, তাঁদেরও হত্যা করেন দুই আসামি। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়। আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে আসামিদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। পরীক্ষায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কোনো ব্যক্তির ডিএনএর উপস্থিতি পাওয়া যায়নি।
পুলিশ জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থের পরিমাণ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। ওই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ করা হয়েছে।
মামলার তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিযোগপত্র নিয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে। এরপর অভিযোগ গঠন করা হবে। বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।
তবে পুলিশের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে—এটি একটি খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত রয়েছেন। শুরু থেকেই তিনি বলে আসছেন, দুই ব্যক্তির পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানালেও তাঁদের বক্তব্য গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন তিনি।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ছেলে আয়ুশের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকার বাসিন্দা প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
এদিকে হত্যাকাণ্ডের নয় দিন পর দুই আসামির ডোপ টেস্ট করা হলেও তাঁদের শরীরে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ। অন্যদিকে ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে তাঁদের উপস্থিতির প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে।
দুই আসামির পক্ষে একই পরিবারের চারজনকে হত্যা করা সম্ভব কি না, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। প্রকৃত অপরাধীদের শনাক্ত ও অন্য জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে তাঁরা বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন।
১২৫ বার পড়া হয়েছে