নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. আনোয়ার নামে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুরের হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সাত্তার ও পুলিশ সদস্য আনোয়ার তথ্য অনুসন্ধানের জন্য কাশীপুরের হাসেমবাগ এলাকায় যান। এ সময় দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়।
হামলার একপর্যায়ে এএসআই আবদুস সাত্তার দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। তবে আনোয়ার দুর্বৃত্তদের হামলার শিকার হন। তাঁকে বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তারেক আল মেহেদী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত নয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর অন্তত ১১টি হামলার ঘটনা ঘটেছে। ধারাবাহিকভাবে এ ধরনের হামলার ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে।
১১৫ বার পড়া হয়েছে