ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যায় এখনো কোনো গ্রেপ্তার নেই
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এদিকে ময়নাতদন্ত শেষে আনোয়ারের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।
নারায়ণগঞ্জের ফতুল্লার হাসেমবাগ এলাকায় রোববার রাতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সাত্তার। এ সময় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি দলের সদস্যরা তাঁদের চিনে ফেলেন। পরে আনোয়ারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তবে সঙ্গে থাকা এএসআই আবদুস সাত্তার পালিয়ে প্রাণে রক্ষা পান।
সোমবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে আনোয়ার মোল্লার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা। এ ঘটনায় তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আনোয়ারের বড় ভাই শাহাবুদ্দিন বলেন, আনোয়ার সবার আদরের ছিল। তাঁর এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁরা। আনোয়ারের স্ত্রী ও দুটি শিশুসন্তান রয়েছে। তাঁদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন তিনি।
এদিকে হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। এসব ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১১৩ বার পড়া হয়েছে