ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
সরকারের অগ্রাধিকারমূলক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় সারা দেশে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। এ সময় ভোগান্তি এড়াতে নাগরিকদের আগেভাগেই জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, মোবাইল ব্যাংকিং হিসাবসহ প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য প্রস্তুত রাখার অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে। সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম প্রধান কর্মসূচি ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত অক্টোবর থেকে সারা দেশে বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে একটি সমন্বিত তথ্যভান্ডারের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য সংগ্রহকারীরা যেকোনো সময় নাগরিকদের বাড়ি, ফ্ল্যাট বা বাসস্থানে যেতে পারেন। তাই তথ্য প্রদান সহজ ও নির্ভুল করতে প্রয়োজনীয় কাগজপত্র এবং পারিবারিক তথ্য আগে থেকেই প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্য সংগ্রহের সময় যেসব কাগজপত্র ও তথ্য লাগবে
সমাজসেবা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য কয়েক ধরনের কাগজপত্র ও তথ্য প্রয়োজন হবে।
১. জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন
পরিবারের যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি পরিবারের অন্যান্য প্রাপ্তবয়স্ক সদস্যের জাতীয় পরিচয়পত্র এবং ১৮ বছরের কম বয়সী সদস্যদের জন্মনিবন্ধন সনদ রাখতে হবে। যেসব সদস্যের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁদের জন্মনিবন্ধন সনদ প্রয়োজন হবে।
২. আর্থিক ও পারিবারিক তথ্য
কার্ডের জন্য আবেদনকারী নারীর জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হিসাব নম্বর দিতে হবে। এ ছাড়া পরিবারের মোট সদস্যসংখ্যা, আয়-ব্যয় এবং সম্পদের সঠিক বিবরণ জানাতে হবে।
৩. ছবি ও স্বাক্ষর
আবেদনকারী নারীর ছবি এবং বসতবাড়ির ছবি প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি নির্ধারিত ফরমে স্বাক্ষর অথবা টিপসই দেওয়ার প্রস্তুতিও রাখতে হবে।
ফ্যামিলি কার্ডের জন্য কোনো টাকা লাগবে না
বিজ্ঞপ্তিতে নাগরিকদের বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনা মূল্যে বিতরণ করা হবে। কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে কোনো ব্যক্তি বা প্রতারক চক্র অর্থ দাবি করলে তাঁদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, কোনো পরিবার যাতে তথ্য সংগ্রহ কার্যক্রম থেকে বাদ না পড়ে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য নাগরিকদের সঠিক তথ্য দিয়ে মাঠপর্যায়ের কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া কর্মসূচির সফল বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইমাম-খতিব ও সুশীল সমাজের নেতাদের সহযোগিতা চেয়েছে সমাজসেবা অধিদপ্তর।
১০৮ বার পড়া হয়েছে