নাচোলে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ধান নিয়ে চরম দুশ্চিন্তায় কৃষকেরা
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টানা তিন দিনের ভারি বর্ষণে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি মাঠে থাকা পাকা আমন ধান নষ্ট হওয়ার শঙ্কায় গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকেরা।
টানা বর্ষণের কারণে নাচোলের কাঁচা রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে স্বাভাবিক যাতায়াত বিঘ্নিত হচ্ছে। ফলে দিনমজুর, ভ্যানচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উপার্জন প্রায় বন্ধের উপক্রম হয়েছে। বাজারগুলোতে ক্রেতার সমাগম কম থাকায় নিম্ন আয়ের মানুষরা চরম বিপাকে পড়েছেন।
স্থানীয় কৃষকদের মতে, জমিতে পানি জমে থাকায় পাকা ধান মাটিতে নুয়ে পড়ে নষ্ট হতে পারে। এতে ফলন কমার পাশাপাশি ধান কাটা ও মাড়াইয়ের খরচ বহুগুণ বেড়ে যাবে। ইতিমধ্যে খড় পচে যাওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে, যা গবাদি পশুর খাদ্যের তীব্র সংকট তৈরি করতে পারে।
উপজেলা কৃষি দপ্তর সূত্রের খবর, চলতি মৌসুমে নাচোলে ২২ হাজার ১২৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। কৃষি কর্মকর্তা সন্দীপনা সরকার জানান, বৃষ্টি আর না বাড়লে বড় ক্ষতির আশঙ্কা নেই, তবে দুর্যোগ দীর্ঘস্থায়ী হলে কৃষকদের লোকসান গুণতে হতে পারে।
১০৯ বার পড়া হয়েছে