পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, ১১ মাসে আমদানি বন্ধ
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে পেঁয়াজ উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি আধুনিক সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণে ফসল সংগ্রহের পর অপচয় কমায় পেঁয়াজের সরবরাহও স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য অনুযায়ী, দেশে বছরে ৩৬ লাখ টন পেঁয়াজের চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে ৫০ লাখ ৯০ হাজার টনের বেশি। অর্থাৎ চাহিদার তুলনায় উৎপাদন বেড়েছে ৪১ দশমিক ৩৯ শতাংশ। উৎপাদন ও সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধির ফলে গত ১১ মাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা সম্ভব হয়েছে। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হয়েছে।
কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক সংরক্ষণব্যবস্থার সম্প্রসারণ দেশের পেঁয়াজের বাজারে ইতিবাচক পরিবর্তন এনেছে। বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মৌসুমি সংকট মোকাবিলায় কৃষকদের মধ্যে এয়ার-ফ্লো মেশিন বিতরণ ও সংরক্ষণ সুবিধা বাড়ানোর উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে অফ-সিজনেও স্থানীয় বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগে পেঁয়াজ সংগ্রহের পর সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ ফসল নষ্ট হতো। সাধারণত দেশে ফসল সংগ্রহোত্তর অপচয়ের হার ২০ থেকে ৩০ শতাংশ। পেঁয়াজে পচন কিংবা বৈরী আবহাওয়ার কারণে কোনো কোনো সময় এই হার ৫০ শতাংশ বা তারও বেশি হতো। ফলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বাজারে সরবরাহ কমে যেত এবং দাম নিয়ন্ত্রণে আমদানির ওপর নির্ভরতা বাড়ত।
তবে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আধুনিক সংরক্ষণব্যবস্থা চালু হওয়ায় পরিস্থিতির পরিবর্তন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় আনুমানিক ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৭৬৪ কোটি টাকার বেশি, সাশ্রয় হয়েছে।
ডিএইর তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদিত হয়েছিল ৪৪ লাখ ৪৮ হাজার টন। ওই বছর আমদানি করা হয় ৪ লাখ ৭৩ হাজার টন। এর আগের ২০২৩-২৪ অর্থবছরে ৩৯ লাখ টন পেঁয়াজ উৎপাদনের বিপরীতে আমদানির পরিমাণ ছিল প্রায় ৬ লাখ টন।
ডিএইর মহাপরিচালক এম আব্দুর রহিম বলেন, দেশে এখন আর পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই। ইতিমধ্যে সর্বোচ্চ ৪ থেকে ৫ লাখ টন পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতাসম্পন্ন আধুনিক সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অফ-সিজনে সরবরাহের ঘাটতি মোকাবিলায় এই সক্ষমতা যথেষ্ট। ফলে সারা বছর পেঁয়াজের ঘাটতি হওয়ার আশঙ্কা নেই।
তিনি জানান, এখন পর্যন্ত কৃষক পর্যায়ে ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আরও ৪ হাজার মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে।
কৃষকদের লাভের বিষয়টি তুলে ধরে ডিএইর এই কর্মকর্তা বলেন, পেঁয়াজ চাষ এখন লাভজনক। প্রতি বিঘা জমিতে প্রায় ৫০ হাজার টাকা খরচ করে কৃষকেরা ১০০ মণ পর্যন্ত পেঁয়াজ উৎপাদন করতে পারছেন। এসব পেঁয়াজ বিক্রি করে প্রায় ১ লাখ টাকা পাওয়া যাচ্ছে। এ কারণে কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন।
ফরিদপুরের মধুখালী উপজেলার নদীয়া গ্রামের কৃষক মো. নাসির মিয়া জানান, তিনি গত ছয় মাসে এয়ার-ফ্লো মেশিনের সাহায্যে ১৪৫ মণ পেঁয়াজ সংরক্ষণ করেছেন। তাঁর মতে, এই প্রযুক্তি পেঁয়াজের সামগ্রিক ঘাটতি কমাতে সহায়তা করছে।
তিনি বলেন, প্রচলিত পদ্ধতিতে প্রতি মণ পেঁয়াজ সংরক্ষণে প্রায় ১০ কেজি ওজন কমে যেত। কিন্তু আধুনিক পদ্ধতিতে ওজন কমার পরিমাণ নেমে এসেছে মাত্র ২ থেকে ২ দশমিক ৫ কেজিতে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফকিরপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আমিন বলেন, আধুনিক সংরক্ষণব্যবস্থা কৃষকদের আর্থিকভাবে লাভবান করছে। এপ্রিল মাসে পেঁয়াজ সংগ্রহের পর প্রতি মণ ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়। কিন্তু সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সেই দাম বেড়ে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় পৌঁছায়।
অন্যদিকে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়া মনে করেন, কৃষকদের লাভ নিশ্চিত করতে সরকারের পেঁয়াজ রপ্তানির বিষয়েও মনোযোগ দেওয়া উচিত। তাঁর ভাষ্য, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে প্রায় ৪০ টাকা খরচ হচ্ছে। রপ্তানির সুযোগ না থাকলে কৃষকেরা প্রত্যাশিত লাভ থেকে বঞ্চিত হতে পারেন।
এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৫ সালের ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র দেওয়া বন্ধ রেখেছে। ফলে চলতি বছরে নতুন করে পেঁয়াজ আমদানি হয়নি। তবে ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ৮৬ হাজার ৩৬৮ টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল।
চলতি বছর দেশের ৩ লাখ হেক্টরের বেশি জমিতে পেঁয়াজ উৎপাদিত হয়েছে। মোট উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ লাখ ৯০ হাজার টনের বেশি। গত বছরের তুলনায় উৎপাদন বেড়েছে ৭ থেকে ১০ লাখ টন।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ফসল সংগ্রহের প্রায় দুই সপ্তাহ আগে মার্চের শেষ দিকে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এ বছর পেঁয়াজের ফলন বেড়েছে। আগে যেখানে প্রতি বিঘায় প্রায় ৭০ মণ পেঁয়াজ উৎপাদিত হতো, সেখানে এবার ফলন ১০০ মণ পর্যন্ত হয়েছে।
পেঁয়াজের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে সরকার কৃষকদের মধ্যে ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করেছে। এই প্রযুক্তিতে নিয়ন্ত্রিত তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ু চলাচলের ব্যবস্থা থাকে। ফলে দীর্ঘ সময় পেঁয়াজ সংরক্ষণ করা যায় এবং পচন ও ওজন কমার পরিমাণও হ্রাস পায়।
বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চলগুলোতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সংরক্ষণব্যবস্থা উন্নত করতে অংশীদারত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণ অভিযোজন প্রকল্প নেওয়া হয়েছে।
প্রকল্প পরিচালক ড. মাহফুজুর রহমান বলেন, পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের মধ্যে আধুনিক সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণ আমদানি বন্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি জানান, আধুনিক সংরক্ষণব্যবস্থা স্থাপনের জন্য প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে ২৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যে এয়ার-ফ্লো মেশিন কেনার জন্য ১৯ হাজার টাকা, মাচা বা প্ল্যাটফর্ম তৈরির জন্য ৭ হাজার টাকা এবং কৃষকের বাড়িতে সাইনবোর্ড স্থাপনের জন্য ১ হাজার টাকা বরাদ্দ ছিল।
এই প্রকল্পের আওতায় বিতরণ করা মেশিন ব্যবহার করে কৃষকেরা ইতিমধ্যে প্রায় ৩ লাখ টন পেঁয়াজ সংরক্ষণ করেছেন। প্রতিটি মেশিনে প্রায় ১০ টন পেঁয়াজ রাখার সক্ষমতা রয়েছে।
পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নাটোর, নওগাঁ, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রংপুর ও বগুড়াসহ ১৬ জেলার ১০৭টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া প্রকল্পের আওতায় ৩ হাজার ৯০০ কৃষককে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ড. মাহফুজুর রহমান জানান, দেশের ১৭টি পেঁয়াজ উৎপাদনকারী জেলায় মোট চাষির সংখ্যা প্রায় ২ লাখ। সরকারি ও বেসরকারি উদ্যোগে তাঁদের মধ্যে ৫০ হাজার কৃষকের কাছে এই প্রযুক্তি পৌঁছে দেওয়া হয়েছে।
দেশে পেঁয়াজের উৎপাদন সারা বছর ধরে রাখতে গ্রীষ্মকালীন ও মুড়িকাটা পেঁয়াজের চাষ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৪০টি জেলার ১১০টি উপজেলা এবং ২৫টি হর্টিকালচার সেন্টারে ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর দ্বিতীয় পর্যায়ের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে ১৩৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প নেওয়া হয়েছিল, যা ২০২৭ সালের জুন পর্যন্ত চলমান রয়েছে।
প্রকল্প পরিচালক মাসুদুর রহমান বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী প্লট ও দেশের ২৫টি হর্টিকালচার সেন্টারের সাহায্যে কৃষক পর্যায়ে মানসম্মত গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন করা হবে। পাশাপাশি খরিপ মৌসুমে চাষের উপযোগী স্বল্পমেয়াদি গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত, বিশেষ করে বারি-৫ পেঁয়াজের সম্প্রসারণ করা হবে।
তিনি আরও জানান, প্রকল্পের মেয়াদকালে মোট ৩ হাজার ৩৭৫টি গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রদর্শনী প্লট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পেঁয়াজ উৎপাদন আরও বাড়বে এবং মৌসুমি সংকট মোকাবিলা সহজ হবে।
১০৯ বার পড়া হয়েছে