ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতের সময় সাত ঘণ্টা থেকে কমিয়ে তিন ঘণ্টায় নামিয়ে আনতে ২৩৩ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে সরকার। বিদ্যমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে প্রবেশ নিয়ন্ত্রিত ছয় থেকে ১০ লেনের এক্সপ্রেসওয়েতে রূপান্তর করা হবে। প্রাথমিকভাবে বাছাই করা নকশা অনুযায়ী, এর প্রায় ৬৫ কিলোমিটার নির্মিত হবে উড়ালপথে এবং বাকি ১৬৮ কিলোমিটার হবে মাটির ওপর দিয়ে। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭১ হাজার ২১৩ কোটি টাকা। আর ২০ বছরের পরিচালন ব্যয়সহ মোট ব্যয় দাঁড়াবে ১ লাখ ২৫ হাজার ৩৭৮ কোটি টাকা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে রূপান্তরের বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রায় ২৩৩ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছাতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। বর্তমানে যানজট ও সড়কের পরিস্থিতি বিবেচনায় এ পথে যাতায়াতে গড়ে সাত ঘণ্টা বা তার বেশি সময় লাগে।
প্রস্তাবিত এক্সপ্রেসওয়েটি ঢাকার যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত বিস্তৃত হবে। বিদ্যমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পথ অনুসরণ করেই এটি নির্মাণ করা হবে। তবে সাধারণ মহাসড়কের মতো যেকোনো স্থান দিয়ে যানবাহন প্রবেশ বা বের হতে পারবে না। নির্ধারিত প্রবেশ ও বহির্গমন পথ ব্যবহার করতে হবে। অটোরিকশা, রিকশা, মোটরসাইকেলসহ স্থানীয় যানবাহনের এক্সপ্রেসওয়ের মূল অংশে চলাচলের সুযোগ থাকবে না।
প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশা প্রণয়নের নথি থেকে এসব তথ্য জানা গেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ২০২৫ সালে সমীক্ষা ও নকশার কাজ সম্পন্ন হয়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু করে ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
প্রস্তাবিত নকশায় এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য তিনটি বিকল্প রাখা হয়েছে। প্রথম বিকল্পে পুরো মহাসড়ক উড়ালপথে নির্মাণের প্রস্তাব রয়েছে। অন্য দুটি বিকল্পে উড়ালপথের পাশাপাশি মাটির ওপর দিয়েও সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তিনটি বিকল্পের মধ্যে দ্বিতীয়টি প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। এই নকশা অনুযায়ী, মহাসড়কের প্রায় ৬৫ কিলোমিটার হবে উড়ালপথে এবং বাকি ১৬৮ কিলোমিটার নির্মিত হবে মাটির ওপর দিয়ে।
এই বিকল্পে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭১ হাজার ২১৩ কোটি টাকা। ২০ বছরের পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫৪ হাজার ১৬৫ কোটি টাকা। সব মিলিয়ে প্রকল্পের ব্যয় দাঁড়াবে ১ লাখ ২৫ হাজার ৩৭৮ কোটি টাকা।
অন্য একটি বিকল্পে ৯৫ কিলোমিটার উড়ালপথ এবং বাকি প্রায় ১৩৮ কিলোমিটার মাটির ওপর নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে নির্মাণ ব্যয় হবে ৭৯ হাজার ২২৫ কোটি টাকা। পরিচালন ব্যয় ১ লাখ ২৬ হাজার কোটি টাকার বেশি। সব মিলিয়ে ব্যয় দাঁড়াবে ২ লাখ ৫ হাজার কোটি টাকার বেশি।
তৃতীয় বিকল্পে পুরো ২৩২ দশমিক ৭৬ কিলোমিটার এক্সপ্রেসওয়ে উড়ালপথে নির্মাণের প্রস্তাব রয়েছে। এতে শুধু নির্মাণেই ব্যয় হবে প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। পরিচালন ব্যয়সহ মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা।
সওজের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ত সড়ক। এটির সক্ষমতা বাড়ানো জরুরি। সমীক্ষা ও নকশা প্রণয়নের কাজ শেষ হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেলে নির্মাণকাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে বিদেশি অর্থায়ন পাওয়ার চেষ্টাও করা হতে পারে। তবে প্রকল্পের চূড়ান্ত রূপরেখা ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত প্রয়োজন। এ বিষয়ে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
সমীক্ষা অনুযায়ী, প্রকল্পের নির্মাণ ব্যয়ের ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সরকারি সহায়তা প্রয়োজন হতে পারে। পিপিপি প্রকল্পে এ ধরনের সহায়তাকে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং বলা হয়। ৬৫ কিলোমিটার উড়ালপথের পরিকল্পনা অনুযায়ী ব্যয় নির্ধারণ করা হলে সরকারকে প্রায় সাড়ে ২১ হাজার কোটি টাকা দিতে হতে পারে।
প্রকল্পের জন্য ২৫ বছরের কনসেশন মেয়াদ বিবেচনা করা হয়েছে। এর মধ্যে নির্মাণকাজের জন্য পাঁচ বছর এবং পরিচালনার জন্য ২০ বছর রাখা হয়েছে। অর্থাৎ নির্মাণ শেষ হওয়ার পর নির্ধারিত সময় পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প পরিচালনা করবে। এরপর সরকারের কাছে হস্তান্তর করবে।
সমীক্ষায় বলা হয়েছে, এক্সপ্রেসওয়ের টোল থেকে ২০ বছরে প্রায় ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা আয় হতে পারে। তবে ভবিষ্যতের এই আয়কে বর্তমান মূল্য বিবেচনায় হিসাব করলে তা দাঁড়ায় ৪৪ হাজার ৬৪১ কোটি টাকা। এ কারণে কনসেশন মেয়াদ কমানো বা বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সওজের কর্মকর্তারা।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, বিদ্যমান চার লেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে উন্নীত করে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। যানবাহনের চাপ বিবেচনায় বিভিন্ন অংশে লেনের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
ঢাকার যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত অংশটি ১০ লেনের উড়ালপথ হিসেবে নির্মাণের প্রস্তাব রয়েছে। বাকি অংশে থাকবে ছয় লেনের মূল এক্সপ্রেসওয়ে। এর দুই পাশে স্থানীয় যানবাহন চলাচলের জন্য পৃথক সড়ক নির্মাণ করা হবে।
এক্সপ্রেসওয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সড়ক নেটওয়ার্কের সংযোগ তৈরিতে সাতটি বড় সংযোগস্থল বা সিস্টেম ইন্টারচেঞ্জ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ছোট সড়ক থেকে যানবাহন ওঠানামার জন্য থাকবে ২৯টি সার্ভিস ইন্টারচেঞ্জ।
স্থানীয় যানবাহন ও পথচারীদের নিরাপদ চলাচলের জন্য ৯১টি আন্ডারপাস নির্মাণের প্রস্তাব করা হয়েছে। মহাসড়কের চারটি স্থানে রেলপথের ওপর উড়ালপথ বা সেতু নির্মাণ করা হবে, যাতে ট্রেন চলাচলের কারণে সড়কের যানবাহনকে অপেক্ষা করতে না হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে নতুন নয়টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে যানবাহনকে টোল দিতে হবে। এ জন্য চারটি প্রধান টোল প্লাজা এবং ১০০টি ছোট বা স্যাটেলাইট টোল প্লাজা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রধান চারটি টোল প্লাজার মধ্যে একটি নারায়ণগঞ্জের মদনপুরে, দুটি কুমিল্লার সুয়াগাজী বাজারে এবং অন্যটি চট্টগ্রামের সলিমপুরে নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রধান টোল প্লাজাগুলোর প্রতিটিতে ১০টি করে এবং ছোট টোল প্লাজাগুলোতে দুটি করে টোল আদায়ের গেট থাকবে। আধুনিক ইলেকট্রনিক পদ্ধতিতে টোল আদায়ের ব্যবস্থাও রাখা হবে।
যাত্রী ও চালকদের সুবিধার জন্য চারটি সার্ভিস এরিয়া নির্মাণ করা হবে। এসব স্থানে খাবার, বিশ্রাম, জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি চার্জিং, গাড়ি মেরামত ও পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
পণ্যবাহী যানবাহনের জন্য ১৫টি স্থানে পৃথক ট্রাক পার্কিংয়ের প্রস্তাব রয়েছে। এসব স্থানে একসঙ্গে প্রায় তিন হাজার ট্রাক ও পণ্যবাহী যানবাহন রাখা যাবে।
প্রকল্পের নথি অনুযায়ী, প্রয়োজনীয় জমির প্রায় ৯২ শতাংশই সওজের বিদ্যমান সড়কসীমার মধ্যে রয়েছে। তবে নতুন করে প্রায় ১৪৫ হেক্টর জমি অধিগ্রহণ করতে হবে। এসব জমির বড় অংশ প্রয়োজন হবে সংযোগস্থল, টোল প্লাজা ও সার্ভিস এরিয়া নির্মাণের জন্য।
জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন পরিষেবা লাইন স্থানান্তরের জন্য একটি সহায়ক প্রকল্প নেওয়ার প্রস্তাব রয়েছে। এসব কাজে সাত হাজার কোটি টাকার বেশি ব্যয় হতে পারে বলে সওজ সূত্র জানিয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এই সড়কের মাধ্যমে রাজধানী, চট্টগ্রাম বন্দর এবং দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহন করা হয়। সওজের তথ্য অনুযায়ী, দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯২ শতাংশ এবং রপ্তানি বাণিজ্যের ৮১ শতাংশ এই পথের মাধ্যমে পরিচালিত হয়।
সমীক্ষায় বলা হয়েছে, মহাসড়কের বর্তমান সক্ষমতার তুলনায় যানবাহনের সংখ্যা বেশি। একই সড়কে দূরপাল্লার ভারী যানবাহন, স্থানীয় যানবাহন ও মোটরসাইকেল চলাচলের কারণে যানজট বাড়ছে। এতে যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি সড়কের সেবার মান কমছে এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
এক্সপ্রেসওয়ে নির্মাণের মাধ্যমে এসব সমস্যা কমিয়ে দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া প্রকল্পটির মাধ্যমে দেশের প্রধান শিল্পাঞ্চল, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং তৈরি পোশাকশিল্পের সঙ্গে যোগাযোগ সহজ হবে। এতে পণ্য পরিবহনের সময় কমার পাশাপাশি শিল্প উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অবদান রাখার সুযোগ তৈরি হবে।
এশিয়ান হাইওয়ে, আঞ্চলিক সহযোগিতা উদ্যোগ এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) সঙ্গে সংযোগ স্থাপনের বিষয়টিও প্রকল্পের পরিকল্পনায় রয়েছে। এতে আঞ্চলিক যোগাযোগ ও আন্তর্জাতিক পণ্য সরবরাহব্যবস্থা আরও সহজ হতে পারে।
নতুন এক্সপ্রেসওয়েকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ইনার রিং রোড ও আউটার রিং রোডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম প্রান্তে আউটার রিং রোড, কর্ণফুলী টানেল এবং বিদ্যমান সড়ক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ তৈরির প্রস্তাব করা হয়েছে।
এর ফলে চট্টগ্রাম বন্দর, শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের পণ্য পরিবহন সহজ হবে বলে মনে করছে প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।
সমীক্ষায় ২০২৩ সালের যানবাহন চলাচলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ পর্যন্ত অংশে প্রতিদিন ৫৫ হাজার থেকে ৭২ হাজার যানবাহন চলাচল করে। সোনারগাঁ থেকে কুমিল্লার সুয়াগাজী বাজার পর্যন্ত দৈনিক যানবাহনের সংখ্যা ৪৫ হাজার থেকে ৫৫ হাজার। আর সুয়াগাজী বাজার থেকে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত প্রতিদিন ৩৮ হাজার থেকে ৪৫ হাজার যানবাহন চলাচল করে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকায় ২০০৪ সালে প্রবেশ নিয়ন্ত্রণের সুবিধাসহ একটি মহাসড়ক নির্মাণের পরিকল্পনা নেয় সরকার। ২০০৮ সালে এডিবি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নের জন্য প্রায় ১০০ কোটি টাকা ঋণ দেওয়ার আগ্রহ প্রকাশ করে।
২০১৩ সালের মার্চে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটি পিপিপির অধীনে প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন দেয়। পরের মাসে সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশা তৈরির জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়। ২০১৫ সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিবেদন উপস্থাপন করা হলে তিনি তাতে সম্মতি দেন।
প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন সময়ে চীনের একাধিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আগ্রহ দেখায়। ২০১৫ সালে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি সরকারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। একই বছর পলিটেকনোলজি ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনও আগ্রহ প্রকাশ করে।
২০১৬ সালে চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ অর্থায়নসহ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেয়। পরের বছর চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন সরকার থেকে সরকার এবং নির্মাণ, পরিচালনা ও হস্তান্তর পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করে।
তবে ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রকল্পটি বাতিল করে দেয়। সওজের সূত্রের দাবি, গুরুত্বপূর্ণ এই মহাসড়ক চীনা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কায় তৎকালীন সরকারের ভেতরে আপত্তি ছিল। এ কারণে প্রকল্পটির কার্যক্রম আর এগোয়নি।
অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন করে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগ করা হয়। বিএনপির নির্বাচনী ইশতেহারেও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের অঙ্গীকার ছিল। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রকল্পটি বাস্তবায়নে আবারও তৎপরতা শুরু হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক বলেন, দেশের কোনো একটি মহাসড়ককে এক্সপ্রেসওয়েতে রূপান্তর করতে হলে সবার আগে ঢাকা-চট্টগ্রাম করিডরকে অগ্রাধিকার দেওয়া উচিত। কৌশলগত দিক থেকেও এই সড়কের গুরুত্ব অনেক বেশি।
তিনি বলেন, এই পথে বিনিয়োগ করলে তা দ্রুততম সময়ে উঠে আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ভবিষ্যতে আঞ্চলিক যোগাযোগব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সামছুল হক আরও বলেন, মহাসড়কটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন হলে বাড়তি অর্থ ব্যয় করা যেতে পারে। পুরো সড়ক উড়ালপথে নির্মাণ করলে যদি বেশি সুবিধা পাওয়া যায়, তাহলে সেই বিকল্পও বিবেচনায় নেওয়া উচিত।
১০৯ বার পড়া হয়েছে