সর্বশেষ

আন্তর্জাতিক

তাজমহল দেখার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী, দরগাহে নয়

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল পরিদর্শনের অনুমতি পেয়েছেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে দিল্লির নিজামুদ্দিন দরগাহ ঘুরে দেখার জন্য তাঁর করা আবেদন নাকচ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। নিরাপত্তা সংস্থার ছাড়পত্র না মেলায় এ অনুমতি দেওয়া হয়নি।

ভারত সফরে গিয়ে তাজমহল দেখার সুযোগ পাচ্ছেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে দিল্লির ঐতিহাসিক নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি পাননি তিনি।

শনিবার (২১ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এএনআই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মুসাদ্দিক মালিকের নেতৃত্বে পাকিস্তানের প্রতিনিধিদল দিল্লির আরও কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখবে। এসব স্থানের মধ্যে রয়েছে হুমায়ুনের সমাধিসৌধ ও দিল্লি হাট। তবে নিরাপত্তা সংস্থাগুলোর ছাড়পত্র না পাওয়ায় নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি।

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে অংশ নিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন মুসাদ্দিক মালিক। ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত তিন বছরের মধ্যে এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফর করছেন।

শুক্রবার সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাকিস্তানের এই মন্ত্রী। এ সময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের উদ্যোগের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থনের কথা জানান তিনি।

ভারত সফর নিয়ে আশাবাদ প্রকাশ করে মুসাদ্দিক মালিক বলেন, ভবিষ্যতেও দুই দেশের মানুষের যাতায়াত অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন। এএনআইকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আশা করি, ভবিষ্যতে আর অভিযোগ করতে হবে না এবং আমাদের আসা-যাওয়া অব্যাহত থাকবে।’

এসসিওর সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার হওয়ার বিষয়েও আশাবাদী পাকিস্তানের এই মন্ত্রী। তাঁর মতে, দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের সম্মেলন আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।

নিজের ভারত সফরকে বহুপক্ষীয় যোগাযোগের জন্য ‘বড় সুযোগ’ হিসেবে উল্লেখ করেন মুসাদ্দিক মালিক। তিনি বলেন, সংস্কৃতি ও সভ্যতা কোনো সীমান্ত মানে না। অভিন্ন ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আলোচনার ক্ষেত্রে এ ধরনের ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০