চার বছরে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে নারী ও পুরুষ উদ্যোক্তাদের জন্য বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) বিকাশের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, নারী-পুরুষের মধ্যে যাঁরা উদ্যোক্তা হতে আগ্রহী, তাঁদের সহায়তায় এসএমই ফাউন্ডেশন ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে চার বছরে ২৫ হাজারের বেশি উদ্যোক্তা গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ছাড়া দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। এ খাতের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাতের উন্নয়নে একটি সৃজনশীল নকশা কেন্দ্র (ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার) প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত বিভিন্ন মেলায় তাঁদের অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
১০৭ বার পড়া হয়েছে