ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কলাপাড়ায় আগাম তরমুজের চারা বিনষ্ট
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় অবিরত বৃষ্টিতে আগাম তরমুজ চাষাবাদ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা কয়েকদিনের থেমে থেমে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টিতে জমিতে পানি জমে হাজার হাজার চারা নষ্ট হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।
উপকূলীয় উপজেলা কলাপাড়ায় গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার দিনভর থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। হঠাৎ এই অসময়ের বৃষ্টিতে খেতেই কাদাপানিতে লেপ্টে গেছে রোপণ করা আগাম তরমুজের চারা। এছাড়া পায়রা বন্দরসহ সমগ্র উপকূলীয় এলাকায় সূর্য না ওঠায় শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।
চরচান্দুপাড়া গ্রামের চাষি ফেরদৌস তালুকদার জানান, ২৪ বিঘা জমি বর্গা নিয়ে আগাম তরমুজ রোপণের জন্য প্রায় চার লাখ টাকা ব্যয় করেছেন তিনি। তবে জমিতে পানি জমে ইতোমধ্যে তার রোপণ করা চারাগুলোর প্রায় অর্ধেকই নষ্ট হয়ে গেছে। সারের উচ্চমূল্য এবং শ্রমিকের বাড়তি মজুরি মিটিয়ে এই ক্ষতি কাটিয়ে ওঠা দুঃসাধ্য হয়ে পড়েছে বলে জানান তিনি।
একইভাবে কামাল হাওলাদার, বাচ্চু খলিফা ও লতাচাপলী গ্রামের কৃষক মহিনসহ বহু চাষি পলিথিন দিয়ে চারা রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বৃষ্টি থামার পর কড়া রোদ উঠলে জমে থাকা পানিতে চারাগুলো পচে পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেন জানান, চলতি মৌসুমে কলাপাড়ায় ৫০০ হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমন ধানের ক্ষতি না হলেও আগাম তরমুজ চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান জানিয়েছেন, আগামী এক থেকে দুই দিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হতে পারে।
১২৯ বার পড়া হয়েছে