সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, শর্ত কঠিন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের সঙ্গে এমন একটি স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাতে ভবিষ্যতে কোনো মার্কিন প্রশাসনই তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দিতে না পারে। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ইরানও যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকানোর নিশ্চয়তা চায়। পাশাপাশি দেশের মর্যাদা ও পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ছাড় দিতে নারাজ তেহরান।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি হলেও দুই দেশের শর্ত ও অবস্থানে এখনো পার্থক্য রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থায়ী চুক্তির কথা বলছেন। অন্যদিকে ইরান চায়, যেকোনো সমঝোতা এমন হতে হবে, যাতে ভবিষ্যতে আবার যুদ্ধের পরিস্থিতি তৈরি না হয়।

শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, ইরান অতীতে একাধিকবার চুক্তি ভঙ্গ করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পরদিনই তেহরান সেই চুক্তি থেকে সরে যায় বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা একটি চুক্তি করি, আর পরদিনই তারা সেটি ভেঙে ফেলে।’ এ কারণে এবার এমন একটি সমঝোতা করতে চান, যা দীর্ঘস্থায়ী হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমি এমন একটি চুক্তি করতে যাচ্ছি, যা স্থায়ী হবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসন যেন নীতিগত পরিবর্তনের মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে না পারে, চুক্তিতে সেই নিশ্চয়তা রাখতে চান তিনি।

ইরানের সরকার পরিবর্তনের প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, এরই মধ্যে ইরানের নেতৃত্বের একাধিক গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রকে কাজ করতে হয়েছে। তিনি বলেন, ‘আমরা এখন তৃতীয় গোষ্ঠীর সঙ্গে কাজ করছি। এটিকে আপনারা চূড়ান্ত সরকার পরিবর্তনও বলতে পারেন।’

ট্রাম্পের মতে, ইরানের বর্তমান নেতৃত্ব আগের তুলনায় আলোচনার ক্ষেত্রে কিছুটা বেশি বাস্তববাদী হতে পারে। তবে তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো এখনো কঠিন বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছে ইরান। তবে আলোচনার মাধ্যমে সমঝোতা হলেও যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালাবে না, এমন নিশ্চয়তা চায় দেশটি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরান ডেইলিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

তিনি জানান, আলোচনায় এগিয়ে যাওয়ার আগে ওয়াশিংটন যে আন্তরিকভাবে সমঝোতা করতে চায়, সে বিষয়ে নিশ্চিত হতে চায় তেহরান। এ জন্য আস্থা তৈরির বিভিন্ন পদক্ষেপ নিয়েও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা হয়েছে।

আরাগচি বলেন, ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার বিষয়টি নিয়ে দেশের ভেতরে আলোচনা চলছে। তবে এ ধরনের পরিবর্তনের বিরোধিতা করছে চীন ও রাশিয়া।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বিষয়টি অত্যন্ত বিস্তৃত ও গুরুত্বপূর্ণ। এ নিয়ে ইরানের অভ্যন্তরেও সমর্থক ও বিরোধী—দুই ধরনের অবস্থান রয়েছে।

আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রসঙ্গ তুলে ধরেন আরাগচি। তিনি জানান, ইরানের প্রধান শর্তগুলোর একটি হলো এই ইউরেনিয়াম দেশের ভেতরেই রাখা। তবে এ বিষয়ে ন্যায্য সমাধানে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।

আরাগচি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বসতে প্রস্তুত ইরান। তবে দেশের জাতীয় মর্যাদা ক্ষুণ্ন হয় কিংবা যুদ্ধের ময়দানে অর্জিত সাফল্য নষ্ট হয়, এমন কোনো চুক্তি মেনে নেবে না তেহরান।

তিনি বলেন, ‘আমরা একটি ভালো, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ চুক্তি চাই। এমন চুক্তি চাই, যা ভবিষ্যতে আর কোনো যুদ্ধের পথ বন্ধ করবে।’

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০