জামালপুরে ভোক্তা কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের মেলান্দহে একটি কারখানার কাঁচামাল পরীক্ষাগারে পরীক্ষা না করেই ‘ভেজাল’ আখ্যা দিয়ে দুই লাখ টাকা জরিমানা এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করার অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে। একই সঙ্গে ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় এবং অভিযানের বিষয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও করেছে ভুক্তভোগী প্রতিষ্ঠান গ্রিন বায়োটেকনোলজি। এসব ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।
জামালপুরের মেলান্দহ উপজেলার সুন্সি নাংলা এলাকায় গ্রিন বায়োটেকনোলজির উৎপাদন কারখানায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কর্মকর্তা হলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।
আজ রোববার সকালে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দেওয়া লিখিত অভিযোগে প্রতিষ্ঠানটি অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক প্রতিকার ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একই সঙ্গে আদায় করা জরিমানার অর্থ ফেরত এবং ধ্বংস করা কাঁচামালের ক্ষতিপূরণও চেয়েছে তারা।
পরীক্ষা ছাড়াই ভেজাল আখ্যা দিয়ে জরিমানা
লিখিত অভিযোগে বলা হয়, গত বুধবার দুপুরে সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম গ্রিন বায়োটেকনোলজির কারখানা পরিদর্শনে যান। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান এবং উৎপাদন কার্যক্রম ও সংরক্ষণাগার পরিদর্শনে সহযোগিতা করেন।
পরিদর্শনের সময় কারখানায় সংরক্ষিত কয়েক ধরনের কাঁচামাল তাঁর নজরে আসে। প্রতিষ্ঠানটির দাবি, এসব কাঁচামাল নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পুনঃপরীক্ষার প্রক্রিয়ায় ছিল। প্রতিটি পাত্রে পুনঃপরীক্ষার লেবেল লাগানো ছিল এবং সেগুলোর মেয়াদও শেষ হয়নি।
তবে বিষয়টি বিবেচনায় না নিয়ে কোনো নমুনা সংগ্রহ বা পরীক্ষাগারে পরীক্ষা ছাড়াই কাঁচামালগুলোকে ভেজাল ঘোষণা করেন ওই কর্মকর্তা। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানায় থাকা বিভিন্ন পণ্যের প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভয় দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর নেওয়ার অভিযোগ
গ্রিন বায়োটেকনোলজির তত্ত্বাবধায়ক (ইনচার্জ) মো. নজরুল ইসলাম অভিযোগ করেন, কাঁচামালগুলো সরকারি কিংবা অন্য কোনো স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তাঁরা। কিন্তু ওই কর্মকর্তা তাঁদের সেই সুযোগ দেননি।
নজরুল ইসলামের ভাষ্য, আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা পরিশোধে বাধ্য করা হয়। জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশও প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। এ ছাড়া প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করা হয়েছে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও অভিযোগ করেন, অভিযানের সময় তাঁকে একটি ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর করতে বলা হয়। কারখানা সিলগালা, গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের ভয় দেখানো হলে বাধ্য হয়ে তিনি স্বাক্ষর করেন। জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ না করলে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর।
পণ্যের বৈধতা ও পরীক্ষার দাবি প্রতিষ্ঠানের
গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষের দাবি, তাদের প্রতিটি পণ্যের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বৈধ লাইসেন্স রয়েছে। পণ্যগুলো প্রযোজ্য মানদণ্ড অনুসারে পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। এ ছাড়া অধিকাংশ পণ্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) থেকে ডার্মাটোলজিক্যালি পরীক্ষিত ও নিরাপদ।
অন্য ব্যবসায়ীদেরও একই অভিযোগ
স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, মো. শরীফুল ইসলাম ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে জামালপুরে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। এর পর থেকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানোর সময় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই চোখের দেখায় পণ্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, জরিমানা, পণ্য ধ্বংস ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
নাম প্রকাশ না করার শর্তে জামালপুর শহরের এক ব্যবসায়ী বলেন, সম্প্রতি তাঁর প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে একই ধরনের আচরণ করেন ওই কর্মকর্তা। পণ্য পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালেও তা শোনা হয়নি। পরে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার পণ্যের ক্ষতি করা হয়।
ওই ব্যবসায়ীর মতে, নিরপেক্ষ তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
বায়োজিনকে জড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগ
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা নিজ উদ্যোগে কয়েকজন গণমাধ্যমকর্মীকে কারখানার ভেতরে নিয়ে যান। এ সময় প্রকৃত ঘটনার সঙ্গে সম্পর্কহীন পৃথক প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রসঙ্গ টেনে বক্তব্য দেন।
বায়োজিন কসমেসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, বায়োজিন কসমেসিউটিক্যালস ও গ্রিন বায়োটেকনোলজি সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র দুটি প্রতিষ্ঠান। অথচ একটি প্রতিষ্ঠানের কাঁচামাল পরীক্ষাগারে পরীক্ষা ছাড়াই ভেজাল ঘোষণা করার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ডেকে বায়োজিন সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, একটি গোষ্ঠীকে দিয়ে বায়োজিনের বিরুদ্ধে অপপ্রচার চালাতেও ওই কর্মকর্তা সহায়তা করেছেন। এতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সুনাম, গ্রাহকদের আস্থা, বাণিজ্যিক সম্পর্ক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় বায়োজিনের পক্ষ থেকেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযোগ অস্বীকার কর্মকর্তার
অভিযোগের বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, কারখানা পরিদর্শনের সময় তিনি কাঁচামালগুলোর মেয়াদোত্তীর্ণ পেয়েছেন। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নেই বলে সেগুলো পরীক্ষা করা হয়নি। তিনি কোনো জব্দ তালিকাও করেননি, তবে কাঁচামালগুলো ধ্বংস করেছেন।
ফাঁকা ফরমে স্বাক্ষর নেওয়া কিংবা কাউকে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
কাঁচামালে ভেজাল বা সমস্যা কীভাবে শনাক্ত করেছেন—এমন প্রশ্নের জবাবে শরীফুল ইসলাম বলেন, কিছু বিষয় চোখে দেখেই বোঝা যায়, আবার কিছু বিষয় পরীক্ষার প্রয়োজন হয়। কোনো প্রতিষ্ঠান কাঁচামালের মেয়াদ আছে বলে দাবি করলে, অথচ তাঁর বিবেচনায় মেয়াদ শেষ হয়ে গেছে বলে মনে হলে, সেই বিরোধ নিষ্পত্তিতে পরীক্ষা করার প্রয়োজন হতে পারে।
১৪৭ বার পড়া হয়েছে