সর্বশেষ

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনে অনড় বেনেট

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রেখে জাতীয় ঐক্য সরকার গঠনের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি জানিয়েছেন, গাদি আইজেনকোটের নেতৃত্বে নতুন সরকার গঠনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। নেতানিয়াহু কিংবা তাঁর জোটের সঙ্গে কোনো পরিস্থিতিতেই সরকার গঠন করবে না বেনেটের দল।

ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠন নিয়ে আলোচনা ও সমীকরণ ক্রমেই জটিল হচ্ছে। এর মধ্যে নেতানিয়াহুকে বাদ দিয়ে বিরোধী দলগুলোর সমন্বয়ে সরকার গঠনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিয়াচাদ পার্টির প্রধান নাফতালি বেনেট।

শনিবার (২১ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে বেনেট এ অবস্থানের কথা জানান। এর আগে গত বুধবার নেতানিয়াহুর সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক হয়। ওই বৈঠকের পর রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট থেকে সরে আসতে পারেন বেনেট।

তবে শনিবারের বিবৃতিতে তিনি বলেন, অংশীদারদের সঙ্গে নিয়ে গাদি আইজেনকোটের নেতৃত্বে জাতীয় পুনর্গঠনের সরকার প্রতিষ্ঠায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে নেতানিয়াহু যেন পরবর্তী প্রধানমন্ত্রী হতে না পারেন, তা নিশ্চিত করার কথাও জানান তিনি।

এদিকে সম্ভাব্য ঐক্য সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন আইজেনকোট। রোববার থেকে দুই দলের মধ্যে ধারাবাহিক আলোচনা শুরুর কথা রয়েছে।

আইজেনকোটের দল ইয়ারাশ এক বিবৃতিতে জানিয়েছে, যতটা সম্ভব বিস্তৃত পরিসরে জাতীয় ঐক্য সরকার গঠনের আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে লিকুদ পার্টিকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। সমঝোতায় পৌঁছাতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।

তবে আলোচনায় অংশ নেওয়ার আগে কয়েকটি শর্ত দিয়েছে লিকুদ পার্টি। নেতানিয়াহু ও তাঁর সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, উসকানি এবং রাজনৈতিক বয়কট বন্ধের দাবি জানিয়েছে দলটি। পাশাপাশি ইসরাইলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দলগুলোর সমন্বয়ে সরকার গঠনের বিষয়ে যৌথ ঘোষণা চেয়েছে তারা।

এ ছাড়া যেসব দলকে তারা সন্ত্রাসবাদে সমর্থনকারী বলে অভিযোগ করে, তাদের নিয়ে সরকার গঠনের উদ্যোগ থেকে সরে আসার দাবি জানিয়েছে লিকুদ। এসব শর্তের মাধ্যমে আরব সংখ্যাগরিষ্ঠ রা'আম ও জয়েন্ট লিস্ট পার্টিকে সম্ভাব্য জোটের বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঐক্য সরকার গঠনের জন্য চারটি মূলনীতি প্রস্তাব করেছে নেতানিয়াহুর দল। এগুলো হলো—ইসরাইলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা, গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরাইলের নিরাপত্তা অঞ্চল বজায় রাখা এবং কট্টরপন্থি ইহুদি ধর্মীয় নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবার বিষয়টি নির্ধারণ করা।

অন্যদিকে আইজেনকোট শুরু থেকেই জানিয়ে আসছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে তিনি যোগ দেবেন না। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন উল্লেখ করে তাঁকে ভবিষ্যতে সরকারি দায়িত্বে না রাখার পক্ষে অবস্থান নিয়েছেন আইজেনকোট।

বিরোধী জোটের নেতাদের মধ্যেও সরকার গঠনের কৌশল নিয়ে মতপার্থক্য রয়েছে। ইসরাইল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লিবারম্যান কট্টরপন্থি ইহুদি দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের পক্ষে। অন্যদিকে ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান আরব দল রা'আম ও জয়েন্ট লিস্টের সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।

তবে গোলান জানিয়েছেন, কট্টরপন্থি ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনে তিনি বাধা দেবেন না। একই সঙ্গে নেতানিয়াহুকে ক্ষমতায় টিকিয়ে রাখবে, এমন কোনো তথাকথিত ঐক্য সরকারেও যোগ দেবেন না।

লিবারম্যানের মতে, নেতানিয়াহুর রাজনৈতিক জোট ভাঙতে হলে বর্তমান শাসক জোটের শরিক শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে। এ জন্য রাজনৈতিক ও আদর্শিক ছাড় দিতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

এদিকে ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন আইজেনকোট। কট্টরপন্থি ইহুদি ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে নতুন প্রস্তাবের অপেক্ষায় রয়েছে দলটি। এর আগে এ বিষয়ে দেওয়া একটি প্রস্তাব দলটির ধর্মীয় নেতারা প্রত্যাখ্যান করেছিলেন।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের নির্বাচনে আইজেনকোট ও তাঁর মিত্ররা পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ৪৮টি পেয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। তবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তাঁর জোট। কট্টরপন্থি ইহুদি দলগুলোর হাতে রয়েছে আরও ১৩টি আসন। এসব দলের সমর্থন আইজেনকোটের পক্ষে গেলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সুযোগ তৈরি হতে পারে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০