ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের উদ্যোগ নেই
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ বা আগ্রহের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও পায়নি ব্যাংকটি।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সরকারের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ব্যাংকের শেয়ার মূলধনে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ বা আগ্রহের তথ্য তাদের কাছে নেই।
রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানানো হয়। ডিএসই জানিয়েছে, গত ১৭ নভেম্বর একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব সরকারের, ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নিতে পারে রাষ্ট্র’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।
জবাবে ইসলামী ব্যাংক জানায়, ব্যাংকের ইকুইটি বা শেয়ার মূলধনে বিনিয়োগের বিষয়ে সরকারের কোনো আগ্রহ কিংবা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে তথ্য নেই। এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও ব্যাংকটি পায়নি।
ব্যাংক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো আনুষ্ঠানিক আগ্রহ বা প্রস্তাব পাওয়া গেলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি জানানো হবে।
এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, মূলধন সংকট কাটাতে ইসলামী ব্যাংক সরকার বা রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠানের কাছে ৬ হাজার কোটি টাকার ইকুইটি বিনিয়োগ চেয়েছে। ওই বিনিয়োগের মাধ্যমে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।
তবে ডিএসইর মাধ্যমে দেওয়া ব্যাখ্যায় ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা উদ্যোগের তথ্য তাদের কাছে নেই।
১৩৪ বার পড়া হয়েছে