অবহেলিতদের বিনামূল্যে চক্ষুসেবা পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনা মূল্যে চক্ষু স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চান বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল, পাহাড়ি এলাকা ও বস্তিতে বসবাসকারী মানুষের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হবে।
শনিবার (২১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ক্যাম্প পরিদর্শন করেন এবং এর উদ্বোধন করেন।
বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন দেশে ফ্যাসিবাদী শাসন চলেছে। সে সময় ক্ষমতাসীনরা জোর করে ক্ষমতায় টিকে থাকতেন এবং মানুষের দৃষ্টি কেড়ে নেওয়ার মতো কর্মকাণ্ড চালিয়েছেন। গণঅভ্যুত্থানের সময় ওই দলের হামলায় প্রায় দুই হাজার মানুষের চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের মধ্যে এক হাজার তরুণ-তরুণী দৃষ্টিশক্তি হারিয়েছেন।
তিনি আরও বলেন, তাদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া এবং সমাজকে অন্ধকারে নিমজ্জিত করার রাজনীতি। এর বিপরীতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের চোখে আলো ফিরিয়ে দিতে চান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান। বিশেষ করে চরাঞ্চল, পাহাড়ি এলাকা ও বস্তিতে বসবাসকারী মানুষের কাছে বিনা মূল্যে চক্ষু স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং ছয়টি বিদেশি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
১৪৯ বার পড়া হয়েছে