সর্বশেষ

সারাদেশ

কবি হিমেল বরকতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
অকালপ্রয়াত কবি, গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে তাঁর জন্মস্থান মোংলায় বিভিন্ন স্মারানুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষাবিদ ও সাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সুধীসমাজ।

কবি ও গবেষক ড. হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোংলায় রুদ্র স্মৃতি সংসদ ও মোংলা নাগরিক সমাজের আয়োজনে একাধিক কর্মসূচির কথা জানানো হয়েছে। নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে সকালে কবির সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন, দোয়া-মোনাজাত এবং শিশুদের মাঝে মিষ্টি বিতরণ। পরবর্তীতে কবির বাসভবনে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।

১৯৭৭ সালের ২৭ জুলাই মোংলার মিঠেখালিতে জন্মগ্রহণ করেন হিমেল বরকত। তাঁর পিতা আলহাজ্ব ডাঃ শেখ ওয়ালীউল্লাহ এবং মাতা আলহাজ্ব শিরিয়া বেগম। তিনি স্বনামধন্য কবি প্রয়াত রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই। শিক্ষাজীবনে তিনি ১৯৯৪ সালে সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৬ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনে তিনি ২০০৫ সালে ঢাকা সিটি কলেজে শিক্ষকতা শুরু করেন। এরপর ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। অকালপ্রয়াণের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি এই বিভাগেই শিক্ষকতায় নিয়োজিত ছিলেন।

সাহিত্য ও গবেষণায় ড. হিমেল বরকতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে 'চোখে চৌদিকে', 'বৈশ্য বিদ্যালয়', 'দশ মাতৃক দৃশ্যাবলী', 'প্রান্তস্বর ব্রাত্যভাবনা', 'গানের ঝরাপাতা', এবং 'সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু'। এছাড়া তিনি 'রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচনাবলী' ও 'বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ' সহ একাধিক গুরুত্বপূর্ণ সাহিত্যগ্রন্থ সম্পাদনা করেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকার বারডেম হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০