দ্বিতীয় মেয়াদেও আইসিসির সভাপতি জয় শাহ
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৭:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর তাঁর পুনর্নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়। বিশ্ব ক্রিকেটের সম্প্রসারণ, দর্শকপ্রিয়তা বৃদ্ধি এবং বাণিজ্যিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সংস্থাটি।
দ্বিতীয় মেয়াদে আইসিসির দায়িত্ব পেয়ে সংস্থাটির পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয় শাহ। তাঁর নেতৃত্বের প্রতি আইসিসি বোর্ডের আস্থার প্রতিফলন হিসেবেই এই পুনর্নিয়োগকে দেখা হচ্ছে।
দায়িত্ব অব্যাহত রাখার সিদ্ধান্তের পর জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। পরিচালকদের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মানের ও দায়িত্বের। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যেতে চাই।’
ক্রিকেটের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, খেলাটি এখন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি বিশ্বজুড়ে খেলাটির প্রসারে নতুন সম্ভাবনা তৈরি করবে।
জয় শাহর মতে, অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে খেলাটিকে পরিচিত করার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার বড় সুযোগ তৈরি করবে।
তিনি আরও বলেন, শুধু সফল টুর্নামেন্ট আয়োজন করাই আইসিসির দায়িত্ব নয়। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদারসহ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় নিয়ে খেলাটির জন্য আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
জয় শাহ বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, মানুষকে এক সুতোয় বাঁধার ক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। বোর্ড ও সদস্য দেশগুলোর সমর্থন নিয়ে আমাদের লক্ষ্য হবে পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দেওয়া এবং এমন অগ্রগতি নিশ্চিত করা, যার সুফল আগামী প্রজন্মও পাবে।’
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটের উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে খেলাটির বিস্তার এবং নতুন দর্শক তৈরির কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন আইসিসির সভাপতি।
১৭৮ বার পড়া হয়েছে