ভাঙ্গায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, ১৯ নভেম্বর পর্যন্ত অবস্থান কর্মসূচি
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৭:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা।
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেলের বহর নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, পৌর বিএনপির আহ্বায়ক এম এ ওদুদ এবং সদস্যসচিব জাকির হোসেন।
এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আজম, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক শাওন বিশ্বাসসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। কর্মসূচিতে সদরপুর ও চরভদ্রাসন উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন।
কর্মসূচি থেকে বিএনপি নেতারা জানান, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত ভাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাঁদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলেও ঘোষণা দেন তাঁরা।
১১০ বার পড়া হয়েছে