আন্তর্জাতিক নারী অ্যাওয়ার্ড পেলেন কুড়িগ্রামের রেহানা পারভীন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের প্রত্যন্ত জনপদ থেকে উঠে এসে জাতীয় ক্রীড়াঙ্গনে পরিচিতি পাওয়া সাবেক জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক রেহানা পারভীন এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। নারী নেতৃত্ব ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন ‘আন্তর্জাতিক নারী পার্লামেন্ট ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’।
ছোটবেলার স্বপ্ন ছিল বড় খেলোয়াড় হওয়ার। সেই স্বপ্ন পূরণে কুড়িগ্রাম স্টেডিয়ামের মাঠে নিয়মিত অনুশীলন করতেন। সামাজিক প্রতিবন্ধকতা ও নানা প্রতিকূলতা পেরিয়ে একসময় জায়গা করে নেন জাতীয় ক্রীড়াঙ্গনে। দীর্ঘদিনের সংগ্রাম ও অবদানের স্বীকৃতি হিসেবে এবার আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত হলেন রেহানা পারভীন।
রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অ্যারেনা ফর গ্লোবাল এনগেজমেন্ট (এজিই) লিমিটেড আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
কুড়িগ্রাম জেলায় জন্ম ও বেড়ে ওঠা রেহানা পারভীনের শৈশব কেটেছে খেলাধুলার প্রতি গভীর আগ্রহ নিয়ে। তিনি পড়াশোনা করেছেন কুড়িগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ে। ছোটবেলা থেকেই বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন। সেই লক্ষ্য পূরণে নিয়মিত অনুশীলন করতেন স্থানীয় স্টেডিয়ামে। তবে নারী হিসেবে খেলাধুলায় এগিয়ে যাওয়ার পথটি তাঁর জন্য সহজ ছিল না। সামাজিক বাধা, প্রতিকূলতা ও নানা সীমাবদ্ধতার মুখোমুখি হলেও নিজের লক্ষ্য থেকে সরে যাননি তিনি।
২০০৬ সালে প্রথম আন্তঃজেলা নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ঢাকা জেলার হয়ে অংশ নেওয়ার মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অভিষেক হয় তাঁর। পরবর্তী সময়ে ফুটবলের পাশাপাশি কাবাডি ও হ্যান্ডবল খেলাতেও জাতীয় পর্যায়ে দক্ষতার পরিচয় দেন। তিনটি খেলায় জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা তাঁকে দেশের নারী ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ করে তোলে।
খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকে রেহানা পারভীন বুঝতে পেরেছেন, প্রতিভা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় সুযোগ ও সহযোগিতার অভাবে অনেক মেয়ের খেলোয়াড় হওয়ার স্বপ্ন পূরণ হয় না। এ কারণে নিজের অর্জনের পাশাপাশি নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করতে কাজ করে যাচ্ছেন তিনি।
রেহানা পারভীনের কাছে খেলাধুলা কেবল জয়-পরাজয়ের বিষয় নয়। এটি নারীর আত্মবিশ্বাস, নেতৃত্বের সক্ষমতা এবং নিজস্ব পরিচয় গড়ে তোলার গুরুত্বপূর্ণ মাধ্যম।
পুরস্কার গ্রহণের পর আবেগাপ্লুত কণ্ঠে রেহানা পারভীন বলেন, ‘এই সম্মান আমার একার নয়, এটা বাংলাদেশের সব নারী খেলোয়াড়ের। শুধু ফুটবল নয়, প্রতিটি খেলায় নারীরা এগিয়ে আসুক, এটাই আমি চাই। আমার এই অর্জন দেখে গ্রামের একটি মেয়েও যেন খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখে।’
কুড়িগ্রাম স্টেডিয়ামের মাঠে বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়ে যে পথচলা শুরু করেছিলেন রেহানা পারভীন, সেই পথচলার স্বীকৃতি এখন আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছেছে। তাঁর এই অর্জন কেবল ব্যক্তিগত সম্মাননা নয়, বরং কুড়িগ্রামের ক্রীড়াঙ্গন এবং দেশের নারী খেলোয়াড়দের জন্যও অনুপ্রেরণার উদাহরণ।
তাঁর জীবনসংগ্রাম প্রমাণ করে, সুযোগ, সহযোগিতা ও দৃঢ় মনোবল থাকলে প্রত্যন্ত অঞ্চলের মেয়েরাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারেন।
১১৭ বার পড়া হয়েছে