সর্বশেষ

জাতীয়

ঢাকায় পাঁচ বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকায় মঙ্গলবার রাতে একের পর এক বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর থেকে রাত ১টা পর্যন্ত পল্লবী, মহাখালী, বাড্ডা, রামপুরা ও মিরপুর এলাকায় পাঁচটি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ছয়টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। কয়েকজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বিভিন্ন সময়ে বাসে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায়।

রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্ক করে রাখা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।

এর প্রায় আধা ঘণ্টা পর রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ বিষয়ে বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন বলেন, যাত্রীবেশে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান।

এ ছাড়া রাত ১১টা ১৫ মিনিটের দিকে রামপুরা সেতুসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে মিরপুর চিড়িয়াখানা সড়কেও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

বাসে অগ্নিসংযোগের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১০টা ২০ মিনিটের দিকে কোতোয়ালি এলাকায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

এর আগে রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল দুটি সামাদ সুপার মার্কেটের সামনে বিস্ফোরিত হয়।

মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়সহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট, ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং পৌনে ১০টার দিকে উপপুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটে। এ ছাড়া বসিলায় এসআরবি-২ কার্যালয় ও রেসিডেনশিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাজধানীর আদাবরের শিয়া মসজিদ এলাকায় টপটেন শোরুমের এক কোণে একটি অবিস্ফোরিত ককটেল দেখতে পায় পুলিশ। পরে সেটি ঘিরে রাখা হয়। মহাখালী বাসস্ট্যান্ড ও খিলগাঁও পুলিশ ফাঁড়ি এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রাত সাড়ে ৯টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে একটি পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলে একটি কাচের বোতল, বোতলের মুখে লাগানো স্কচটেপ এবং গেঞ্জির পোড়া অংশ পাওয়া যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রাজধানীর এসব ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে বিভিন্ন এলাকায় ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ আরও জানিয়েছে, এসব বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনাও ককটেল হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় মোট ৩৩টি মামলা হয়েছে। পাশাপাশি ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০