ডিসেম্বরেই খুলছে গল্লামারী স্টিল আর্চ সেতু
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘদিনের অপেক্ষা ও যানজটের ভোগান্তি শেষে খুলনা নগরীর প্রবেশদ্বার গল্লামারী সেতু চালুর অপেক্ষা শেষ হতে যাচ্ছে। ময়ূর নদের ওপর রাজধানীর হাতিরঝিলের আদলে নির্মিত আধুনিক স্টিল আর্চ সেতুটির কাজ প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যান চলাচল সহজ হওয়ার পাশাপাশি নগরীর সৌন্দর্যও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
খুলনা নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ গল্লামারী মোড়ে ময়ূর নদের ওপর নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন দুটি স্টিল আর্চ সেতু। এর মধ্যে একটি সেতুর নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। বর্তমানে সেতুটির হ্যাঙ্গারবারে টান প্রয়োগ এবং স্থায়ী কাঠামোর ওপর বসানোর প্রস্তুতিমূলক কাজ চলছে। পাশাপাশি দুই পাশের সংযোগ সড়ক নির্মাণের কাজও এগিয়ে চলছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এনডিই) সূত্রে জানা গেছে, সেতুর ডেক স্লাবসহ মূল কাঠামোর কাজ শেষ হয়েছে। এখন হ্যাঙ্গারবার টেনশনিং ও ব্রিজ লেয়ারিংয়ের কাজ চলছে। নভেম্বরের মধ্যে দুই পাশের সংযোগ সড়কের ঢালাই শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর রং করা ও অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে ডিসেম্বরে সেতুটি চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রকল্পের প্রকৌশলী মো. মোকলেছুর রহমান বলেন, স্টিল আর্চ সেতু নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি হলো হ্যাঙ্গারবার টেনশনিং। এ প্রক্রিয়ায় সেতুর ওপরের কাঠামোর সঙ্গে নিচের ডেক বা সড়কের অংশ যুক্ত করা হয়। নির্দিষ্ট মাত্রায় টান প্রয়োগের মাধ্যমে সেতুর ভারসাম্য নিশ্চিত করা হয়। এতে সেতুর নিজস্ব ওজন এবং যানবাহনের ভার হ্যাঙ্গারবারের মাধ্যমে ওপরের কাঠামোয় সঞ্চারিত হয়।
তিনি জানান, সেতুর মূল কাঠামো প্রথমে জ্যাক ও অতিরিক্ত সহায়ক কাঠামোর ওপর রাখা হয়। সংযোজন ও লেয়ারিংয়ের কাজ শেষ হলে জলচালিত জ্যাকের সাহায্যে ধীরে ধীরে নিচে নামিয়ে স্থায়ী বিয়ারিংয়ের ওপর বসানো হবে। সেতুর দুই প্রান্তে অ্যাবাটমেন্টের ওপর এসব বিয়ারিং স্থাপন করা হবে। পরে সড়কের কার্পেটিংয়ের সঙ্গে সেতুর কার্পেটিং যুক্ত করা হবে।
এনডিইর ব্যবস্থাপক প্রকৌশলী অপূর্ব কুমার বিশ্বাস বলেন, খুলনার এই স্টিল নেটওয়ার্ক আর্চ সেতু নির্মাণে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ভারতের সন্দীপ গুহানি অ্যান্ড অ্যাসোসিয়েটস। ব্যয় কমানোর বিষয়টি বিবেচনায় রেখে ভারতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। এ ছাড়া হ্যাঙ্গারবার ও লেয়ারিংয়ের কাজে দুজন চীনা বিশেষজ্ঞ পরামর্শক কাজ করছেন। স্টিলের বিভিন্ন কাজের দায়িত্বে রয়েছে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং ও পিইবি নামের দুটি উপঠিকাদারি প্রতিষ্ঠান।
তিনি আরও বলেন, সেতুর কাঠামো তৈরির জন্য বিদেশ থেকে ২৮৭টি উন্নত মানের স্টিলের খণ্ডাংশ এবং ২৮ দশমিক ৬৮ টন নাট-বল্টু আনা হয়েছে। এসব সরঞ্জাম সংযোজনে ব্যয় হচ্ছে প্রায় দুই কোটি টাকা। বিভিন্ন কাজে টর্ক রেঞ্জ ও পলিমার ইপোক্সি রং ব্যবহার করা হচ্ছে।
প্রকল্পের কাজ বাস্তবায়নে প্রায় ১০ মাস ধরে চারজন প্রকৌশলী, একজন প্রধান জরিপকারী, একজন প্রধান পরীক্ষাগার কর্মকর্তা, ৩০ জন কর্মকর্তা এবং উপঠিকাদারদের অধীনে ৩০ থেকে ৩৫ জন কারিগরি কর্মী কাজ করছেন। এ ছাড়া নিয়মিত ৩৫ থেকে ৪০ জন শ্রমিকও নির্মাণকাজে নিয়োজিত রয়েছেন।
খুলনা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী মোড়ে ময়ূর নদের ওপর পাশাপাশি দুটি স্টিল আর্চ সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয়। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৬৮ দশমিক ৭ মিটার এবং প্রস্থ ২৩ মিটার। ২০২৩ সালের অক্টোবরে প্রায় ৬৭ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে সেতু দুটির নির্মাণকাজ শুরু হয়।
তবে নকশাগত জটিলতা, বিদেশ থেকে স্টিলের যন্ত্রাংশ আমদানিতে বিলম্ব এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে প্রকল্পের মেয়াদ কয়েক দফায় বাড়াতে হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সেতুটির ডেক স্লাবের কাজ শেষ হয়েছে। যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে দুই পাশের প্রায় ৭৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে। দীর্ঘদিন ধরে গল্লামারী এলাকায় একটি সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করায় নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে একটি সেতুর নির্মাণকাজ প্রায় শেষ করা সম্ভব হয়েছে। বর্তমানে হ্যাঙ্গারবার টেনশনিং ও ব্রিজ লেয়ারিংয়ের কাজ চলছে। এসব কাজ এবং ডেক স্লাবের পরীক্ষার ফল ইতিবাচক হলে সেতুটি উদ্বোধন করা হবে।
তিনি বলেন, আধুনিক নকশায় নির্মিত সেতুটি চালু হলে খুলনা নগরীর সৌন্দর্য বাড়ার পাশাপাশি যোগাযোগব্যবস্থায় নতুন গতি আসবে। প্রযুক্তিগত জটিলতার কারণে প্রথম সেতু নির্মাণে বেশি সময় লাগলেও দ্বিতীয় সেতুর কাজ তুলনামূলক দ্রুত শেষ করা সম্ভব হবে।
তবে প্রকল্পের দীর্ঘসূত্রতা ও নির্মাণকাজের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে অসন্তোষ রয়েছে স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে। খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, স্টিল সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ তিন দফায় বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে। ২০২৩ সালে শুরু হওয়া কাজ ২০২৬ সালেও শেষ হচ্ছে না।
তিনি অভিযোগ করেন, সেতুর দুই পাশের সড়কের অর্ধেক অংশ টিনের বেড়া দিয়ে ঘিরে রাখায় যানজট আরও বেড়েছে। বাজারসংলগ্ন সড়কে নির্মাণসামগ্রী রাখার কারণে পানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি পচা বর্জ্যের দুর্গন্ধে আশপাশের পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে এভাবে নির্মাণকাজ পরিচালনা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
বাবুল হাওলাদার আরও বলেন, দ্বিতীয় সেতুটি ভেঙে ফেলা হবে বলে তিনি শুনেছেন। সে ক্ষেত্রে আবারও একই ধরনের জনদুর্ভোগ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সওজ সূত্রে জানা গেছে, গল্লামারী ময়ূর নদের ওপর প্রথম সেতুটি নির্মিত হয়েছিল ষাটের দশকে। দ্বিতীয় সেতুটি নির্মাণ করা হয় ২০১৬ সালে। পরে খুলনা শহরের উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯ সালে ময়লাপোতা মোড় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়। এর অংশ হিসেবে ময়ূর নদের ওপর দুটি দুই লেনের নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় সড়ক বিভাগ।
২০২৩ সালের ১৫ নভেম্বর পুরোনো প্রথম সেতুটি ভাঙার কাজ শুরু হয়। একই বছরের ১২ অক্টোবর হাতিরঝিলের আদলে দুটি স্টিল আর্চ সেতু নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়। শুরুতে সেতু দুটির নির্মাণব্যয় ধরা হয়েছিল ৬৭ কোটি ৬৬ লাখ টাকা। তবে ব্যয় বেড়ে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান ৮২ কোটি টাকা দাবি করে। পরে হিসাব-নিকাশ শেষে প্রকল্পের ব্যয় ৭৪ কোটি টাকায় নির্ধারণ করা হয়।
প্রথমে প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হলেও নানামুখী জটিলতায় তা পিছিয়ে যায়। গত বছর প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের মে পর্যন্ত বাড়ানো হয়। পরে তা আরও বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী, প্রথম সেতুটি ডিসেম্বরে চালু হলে দ্বিতীয় সেতুর নির্মাণকাজ শুরু করা হবে।
১১৩ বার পড়া হয়েছে