সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে স্বাভাবিক হচ্ছে জনজীবন, মোতায়েন ৮ প্লাটুন আনসার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে জনজীবনে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েনসহ যৌথ টহল জোরদার করা হয়েছে। এছাড়া কাশিয়ানী থেকে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে আট প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

জেলা শহর ঘুরে দেখা গেছে, ভোর থেকেই সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে স্বাভাবিক কাজকর্ম শুরু করেছেন। শহরের সড়কগুলোতে চলাচল করছে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীরাও শ্রেণিকক্ষে ফিরেছে। খুলেছে বিভিন্ন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।

তবে জনজীবন স্বাভাবিক হতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সরকারি স্থাপনাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো জেলায় টহল দিচ্ছেন।

এদিকে কাশিয়ানী উপজেলার বেথুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে এসআরবি। এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাশকতার অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছেন আনসার ব্যাটালিয়নের ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী।

তিনি জানান, গোপালগঞ্জে মোতায়েন করা আট প্লাটুন আনসার সদস্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। জেলার পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের সমন্বয় সভায় বিভিন্ন বাহিনীর দায়িত্বপূর্ণ এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি ও এসআরবিসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে আনসার বাহিনী।

উপমহাপরিচালক বলেন, সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা জানমালের ক্ষতিসাধনের মতো ঘটনা ঘটলে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। দায়িত্ব পালনের সময় কোনো অবস্থাতেই মারণাস্ত্র বা তাজা গুলি ব্যবহার করবে না আনসার বাহিনী। শব্দ, বাঁশি, নিজেদের উপস্থিতি এবং বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে।

তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সরকারি নীতিমালা অনুসরণ করেই পরিচালিত হবে সব কার্যক্রম।

দায়িত্ব বণ্টন অনুযায়ী, গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় যৌথ টহল পরিচালনা করবেন আনসার সদস্যরা। গোপালগঞ্জ সদরে বিজিবির সঙ্গে এবং টুঙ্গিপাড়ায় এসআরবির সঙ্গে সমন্বয় করে টহল ও অভিযান চালানো হবে। এ ছাড়া একটি প্লাটুন বিশ্ববিদ্যালয় এলাকায় এবং আরেকটি প্লাটুন বিসিক কার্যালয় ও সংলগ্ন এলাকায় স্থায়ী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রয়োজনে এসব সদস্য টহলেও অংশ নেবেন।

আনসার বাহিনীর সক্ষমতা তুলে ধরে মো. আসাদুজ্জামান গনী বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে দায়িত্ব পালন করে আসছে এ বাহিনী। সাম্প্রতিক সময়ে গাজীপুর ও নারায়ণগঞ্জের তৈরি পোশাকশিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায়ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

গোপালগঞ্জেও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান তিনি।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০