বিদেশি কর্মীদের গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৫:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নিয়োগদাতার স্পনসরশিপে বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন প্রস্তাব কার্যকর হলে বিদেশি কর্মী নিয়োগের আগে যোগ্য মার্কিন কর্মীদের খুঁজে বের করা এবং তাঁদের নিয়োগের জন্য আন্তরিক প্রচেষ্টা চালানোর বাধ্যবাধকতা বাড়বে। উচ্চ দক্ষতা ও বেশি বেতনের চাকরিতে মার্কিন নাগরিকদের অগ্রাধিকার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রকাশ করেছে। দপ্তরটির ভাষ্য, নতুন বিধিমালা কার্যকর হলে মার্কিন কর্মীদের কর্মসংস্থানের সুযোগ ও অধিকার আরও সুরক্ষিত হবে।
শ্রমমন্ত্রী কিথ সন্ডারলিং এক বিবৃতিতে বলেন, ‘আমেরিকান কর্মীরা বিশ্বের সেরা এবং চাকরির ক্ষেত্রে প্রথম ও সেরা সুযোগগুলো পাওয়ার অধিকার তাঁদের রয়েছে। কিন্তু বিদ্যমান বিধিমালার কারণে অনেক প্রতিষ্ঠান মার্কিন কর্মীদের বিষয়টি পুরোপুরি বিবেচনা না করেই বিদেশি কর্মীদের স্পনসর করার সুযোগ পেয়েছে।’
তিনি আরও বলেন, প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে উচ্চ দক্ষতা ও উচ্চ বেতনের চাকরিতে বিদেশি কর্মীদের নিয়োগের আগে মার্কিন কর্মীদের সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে।
শ্রম দপ্তর জানিয়েছে, প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো স্থায়ী শ্রম সনদ কর্মসূচিতে বড় ধরনের বিধিবিধান সংস্কারের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, নিয়োগদাতাদের চাকরির বিজ্ঞপ্তি ছাপা পত্রিকার পরিবর্তে অনলাইনে প্রকাশ করতে হবে। বিজ্ঞপ্তিটি অন্তত ৯০ দিন প্রচার করতে হবে। একই সঙ্গে যোগ্য মার্কিন কর্মীদের নিয়োগের জন্য আন্তরিকভাবে চেষ্টা চালানোর প্রমাণও দিতে হবে। এ ছাড়া বিদেশি কর্মীদের নিয়োগের সুবিধার্থে তাঁদের যোগ্যতার সঙ্গে বিশেষভাবে সামঞ্জস্য রেখে চাকরির বিজ্ঞপ্তি তৈরির সুযোগ বন্ধ করার প্রস্তাব করা হয়েছে।
নতুন প্রস্তাবে বর্তমানে প্রচলিত কিছু প্রশাসনিক ছাড় বাতিলের কথাও বলা হয়েছে। এর ফলে ফিজিক্যাল থেরাপিস্ট, নার্স এবং বিজ্ঞান বা শিল্পকলায় অসাধারণ দক্ষতাসম্পন্ন কর্মীদের ক্ষেত্রেও শ্রমবাজার যাচাইয়ের বাধ্যবাধকতা প্রযোজ্য হতে পারে।
শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী, যেসব নিয়োগদাতা গত দুই বছরে মার্কিন কর্মীদের ছাঁটাই করেছেন, তাঁরা একই ধরনের বা কাছাকাছি পদে বিদেশি কর্মী নিয়োগের জন্য শ্রম সনদের আবেদন করতে পারবেন না।
প্রস্তাবটি ফেডারেল রেজিস্টারে প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে মতামত জানানোর জন্য ৬০ দিন সময় দেওয়া হবে। মতামত পর্যালোচনার পর প্রস্তাবটি চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১৫৭ বার পড়া হয়েছে