চোট সারাতে ১৫ দিন নিজের মূত্র পান করেছিলেন পরেশ রাওয়াল
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পায়ে গুরুতর চোট পাওয়ার পর দ্রুত সুস্থ হতে টানা ১৫ দিন নিজের মূত্র পান করেছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। ২০২৫ সালের এপ্রিলে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য লালনটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতার কথা জানান তিনি। অভিনেতার দাবি, প্রয়াত অ্যাকশন পরিচালক বীরু দেবগনের পরামর্শে এ কাজ করেছিলেন তিনি। পরে চোট সেরে ওঠার অগ্রগতি দেখে নিজেও বিস্মিত হন।
পরেশ রাওয়ালের এই বক্তব্যের পর চিকিৎসাবিজ্ঞানে স্বীকৃত নয় এমন ‘ইউরিন থেরাপি’ বা মূত্রপানের পদ্ধতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সাক্ষাৎকারে উপস্থাপক সৌরভ দ্বিবেদীকে অভিনেতা জানান, ঘটনাটি ঘটেছিল রাজকুমার সন্তোষী পরিচালিত এবং সানি দেওল অভিনীত ‘ঘাতক’ সিনেমার শুটিংয়ের সময়। ছবির একটি দৃশ্যে অভিনেতা রাকেশ পান্ডের তাঁকে মাছের বাজারের ভেতর দিয়ে টেনে নিয়ে যাওয়ার কথা ছিল।
দৃশ্যটির জন্য তাঁকে নতুন জুতা দেওয়া হয়েছিল। কিন্তু মাছের বাজারের ভেজা মেঝেতে জুতাটি খুব পিচ্ছিল হয়ে পড়েছিল। পরেশ রাওয়াল জানান, মহড়ার সময় তেমন জোর প্রয়োগ করা না হলেও চূড়ান্ত শুটিংয়ের সময় দৃশ্যটি বেশ তীব্র হয়ে ওঠে। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে হাঁটুর ওপর পড়ে গুরুতর আহত হন তিনি।
তাঁকে উদ্ধার করে কাছের নানাবতী হাসপাতালে নিয়ে যান সহ-অভিনেতা তিনু আনন্দ ও ড্যানি ডেনজংপা। আঘাতের মাত্রা এতটাই বেশি ছিল যে, নিজের অভিনয়জীবন নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিলেন পরেশ রাওয়াল।
আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে তাঁকে দেখতে যান প্রয়াত অ্যাকশন পরিচালক বীরু দেবগন। পরেশ রাওয়ালের ভাষ্য অনুযায়ী, তিনিই তাঁকে প্রচলিত চিকিৎসার বাইরের একটি পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন। বীরু দেবগন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম মূত্র পান করতে বলেন। তাঁর দাবি ছিল, অ্যাকশন শিল্পীরাও চোট সারাতে এ পদ্ধতি অনুসরণ করেন। পাশাপাশি আগের রাতে মদ্যপান না করার পরামর্শও দিয়েছিলেন তিনি।
পরেশ রাওয়াল জানান, পরামর্শটি গ্রহণ করার পর তিনি নিয়মটি ঠিকভাবে পালনের সিদ্ধান্ত নেন। একবারে পান না করে বিয়ারের মতো ধীরে ধীরে চুমুক দিয়ে মূত্র পান করতেন তিনি। এভাবে টানা ১৫ দিন এই পদ্ধতি অনুসরণ করেন।
অভিনেতার দাবি, ১৫ দিন পর তাঁর পায়ের আরেকটি এক্স-রে করা হলে চোট সেরে ওঠার অগ্রগতি দেখে চিকিৎসকেরাও বিস্মিত হন। চিকিৎসকেরা প্রথমে ধারণা করেছিলেন, হাসপাতাল থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তাঁর দুই থেকে আড়াই মাস সময় লাগতে পারে। তবে পরেশ রাওয়ালের ভাষ্য অনুযায়ী, দেড় মাসের মধ্যেই তিনি আবার শুটিংয়ে ফিরেছিলেন।
ইউরিন থেরাপি নিয়ে চিকিৎসাবিজ্ঞানের বক্তব্য
নিজের মূত্র পান করার পদ্ধতিটি চিকিৎসাবিজ্ঞানে ‘ইউরিন থেরাপি’, ‘ইউরোথেরাপি’ বা ‘ইউরোফ্যাজিয়া’ নামে পরিচিত। তবে এই পদ্ধতির কার্যকারিতার পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।
যুক্তরাষ্ট্রের চিকিৎসাপ্রতিষ্ঠান ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, কিডনি রক্ত পরিশোধনের মাধ্যমে শরীরের অতিরিক্ত পানি ও বর্জ্য পদার্থ বের করে দেয়। এই প্রক্রিয়ায় তৈরি মূত্রের প্রায় ৯৫ শতাংশই পানি। বাকি অংশে থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটসহ বিভিন্ন বর্জ্য উপাদান।
মূত্রে পানি ও শরীরের কিছু প্রাকৃতিক উপাদান থাকলেও তা রোগ নিরাময়ে কার্যকর—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ক্লিভল্যান্ড ক্লিনিক জানিয়েছে, মূত্র সম্পূর্ণ জীবাণুমুক্ত—এমন ধারণাও সঠিক নয়।
বিশেষজ্ঞদের মতে, পরেশ রাওয়ালের অভিজ্ঞতাকে ব্যক্তিগত ঘটনা হিসেবেই দেখা উচিত। নিজের মূত্র পান করা কোনো স্বীকৃত চিকিৎসাপদ্ধতি নয়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের পদ্ধতি অনুসরণ করা উচিত নয়।
১৩৮ বার পড়া হয়েছে