সর্বশেষ

বিনোদন

কেরালা চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘বনলতা সেন’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন’ বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘বনলতা সেন’। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১০টি দেশের ১৪টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে ছবিটি। এই বিভাগে বাংলাদেশ থেকে একমাত্র সিনেমা হিসেবে জায়গা পেয়েছে মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি।

ঈদুল আজহা উপলক্ষে গত ২৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘বনলতা সেন’। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাড়া না পেলেও এবার আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে সিনেমাটি। ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফকে) ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়ায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে ছবিটির সামনে।

কবি জীবনানন্দ দাশের জীবনবোধ ও কাব্যজগৎ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। এতে ‘বনলতা সেন’ চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরীফ সিরাজসহ অন্যরা।

কেরালা চলচ্চিত্র উৎসবে সিনেমাটি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, কবি জীবনানন্দ দাশের মতো তাঁর ‘বনলতা সেন’ সিনেমাটিও হয়তো কখনো প্রাপ্য স্বীকৃতি বা কদর পাবে না—এমন ধারণা থেকেই বিষয়টি নিয়ে আর ভাবেননি তিনি।

তবে বার্লিন ও টরন্টোর মতো চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত সিনেমা এবং কিংবদন্তি নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের কাজের সঙ্গে কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়াকে সিনেমাটির শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষার বড় স্বীকৃতি হিসেবে দেখছেন তিনি। পরিচালকের ভাষায়, কেরালা উৎসবের মধ্য দিয়েই ‘বনলতা সেন’-এর আন্তর্জাতিক যাত্রা শুরু হলো।

আগামী ১১ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে শুরু হবে ৩১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবটি চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এবারের ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১০টি দেশের ১৪টি সিনেমা।

প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’-এর পাশাপাশি রয়েছে ভারতের প্রখ্যাত নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের নতুন সিনেমা ‘পদযাত্রা’। এ ছাড়া বার্লিন চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কারজয়ী ব্রাজিলীয় নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ফিলিপিনো নির্মাতা লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং বুসান চলচ্চিত্র উৎসবে প্রশংসা পাওয়া ইরানি সিনেমা ‘স্লাম্বার’ রয়েছে প্রতিযোগিতার তালিকায়।

বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান নির্মাতাদের সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করবে ‘বনলতা সেন’।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০