টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার নিলফা ও বর্ণি বাজারে এই ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে লাঠিসোটা নিয়ে একটি মিছিল বের করে। মিছিল চলাকালে তারা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে উত্তেজিত মিছিলটি নিলফা বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা চালায়। ব্যাপক ভাঙচুর চালানোর পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা অফিসে আগুন ধরিয়ে দেয়।
একই রাতে উপজেলার বর্ণি বাজার এলাকাতেও একটি মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই মিছিল থেকেও যুবদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। জোড়া এই হামলার ঘটনায় পুরো অঞ্চলের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মুহূর্তের মধ্যেই বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের তথ্য তারা পেয়েছেন এবং এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, এই ধরণের কোনো ঘটনা সম্পর্কে তিনি এখনো অবহিত নন।
১৬০ বার পড়া হয়েছে