সর্বশেষ

জাতীয়

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন রমজানে সাধারণ মানুষের জন্য কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ লক্ষ্যে সারা দেশে ৫২০টি ট্রাকে পণ্য বিক্রির পরিকল্পনা করছে সংস্থাটি। গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হয়েছিল। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় ৪০ লাখ মানুষ সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন।

রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি চাহিদা বিবেচনায় নিয়ে সরবরাহ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে টিসিবি। গতবারের তুলনায় এবার ট্রাকের সংখ্যা ৭০টি বাড়ানোর পাশাপাশি উপকারভোগীর সংখ্যা ছয় লাখ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।

রমজানকে সামনে রেখে ভোজ্যতেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুরসহ প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে স্মার্ট কার্ডধারী পরিবারের বাইরের সাধারণ ক্রেতাদের জন্যও খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, রমজানের চাহিদা বিবেচনায় নিয়ে পণ্য সংগ্রহের প্রস্তুতি চলছে। নিয়মিত কার্যক্রমে পণ্যের ঘাটতি হওয়ার আশঙ্কা নেই। তবে কার্ডধারীদের পাশাপাশি আরও বেশি মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে অতিরিক্ত পণ্য বিক্রির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি জানান, বাড়তি পণ্য সংগ্রহের জন্য আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে। কয়েকটি পণ্যের দরপত্রও আহ্বান করা হয়েছে। তবে অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে মোট ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টিসিবি।

এদিকে চলতি অর্থবছরে দেশের বাজারে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বেড়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, গত ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। এ ছাড়া একই সময়ে ৫ লাখ ১ হাজার টন সয়াবিন বীজ আমদানি হয়েছে।

চিনির আমদানিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। আলোচ্য সময়ে ৬ লাখ ৮৭ হাজার টন চিনি আমদানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি।

ছোলার আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার টনে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল মাত্র ১২ হাজার টন। এ ছাড়া মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। অন্যদিকে খেজুরের আমদানি ৪ হাজার টন থেকে বেড়ে ১১ হাজার টনে পৌঁছেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আমদানি বৃদ্ধি, সরকারি পর্যায়ে পণ্য সংগ্রহ এবং ট্রাকে বিক্রির পরিধি বাড়ানোর উদ্যোগ রমজানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হতে পারে। তবে এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ এবং সাশ্রয়ী দামে বিক্রি নিশ্চিত করা জরুরি।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০