কলাপাড়ায় দুর্যোগের আগাম সতর্কবার্তা ও পূর্বপ্রস্তুতিমূলক সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা দ্রুত প্রচার ও মোকাবিলায় পূর্বপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় দুর্যোগকালীন করণীয় ও সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এতে স্থানীয় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর থ্রাইভ প্রকল্পের উদ্যোগে নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে আয়োজিত এ বিশেষ কর্মসূচীতে স্থানীয় দুর্যোগ কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
সিপিপি নীলগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ইউনিটের সদস্য জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ও সিপিপি ইউনিট টিম লিডার আবু তালেব ইভান মাতব্বর, গণমাধ্যমকর্মী নয়নাভিরাম গাইন এবং ফিল্ড ফ্যাসিলিটেটর তুষার বাড়েই ও আল-আমীন।
আলোচনা সভায় উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আগাম সতর্কবার্তা দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছানোর তাগিদ দেওয়া হয়। এছাড়া দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালীন এবং পরবর্তী সময়ে করণীয় পদক্ষেপগুলো কার্যকরের বিষয়ে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা।
১১৯ বার পড়া হয়েছে