যশোর বোর্ডে সম্পূরক পরীক্ষা দেবে ৩৯ হাজার শিক্ষার্থী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এ পরীক্ষায় অংশ নেবে ৩৯ হাজার ২২৭ জন শিক্ষার্থী। ডিসেম্বরের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এদিকে মূল পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন আরও ২৬ হাজার পরীক্ষার্থী।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী এ তথ্য জানিয়েছেন।
বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর এই বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৬৮৮ জন। অকৃতকার্য হয়েছে ৬২ হাজার ১০৩ জন। সে হিসাবে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং অকৃতকার্যের হার ৫৫ দশমিক ০৮ শতাংশ।
বিষয়ভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে আবশ্যিক বিষয় ইংরেজিতে। এ বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৮ হাজার ৯৩৯ জনের মধ্যে ফেল করেছে ৫০ হাজার ৯৭৭ জন। ইংরেজিতে পাসের হার ৫৪ দশমিক ৯৫ শতাংশ এবং অকৃতকার্যের হার ৪৫ দশমিক ০৫ শতাংশ।
এ ছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে ২৮ হাজার ৭৩ জন, রসায়নে ২ হাজার ৫৫ জন, উচ্চতর গণিতে ১ হাজার ১১৭ জন এবং বাংলায় ১০ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এসব বিষয়ে ফেলের হার যথাক্রমে ৩১ দশমিক ১৬, ২২ দশমিক ৫২, ১০ দশমিক ২৯ ও ১৮ দশমিক ২৭ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণেও মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের চেয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি দেখা গেছে।
মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া ৭৫ হাজার ৩০৯ জনের মধ্যে পাস করেছে ৩০ হাজার ১৯১ জন। এ বিভাগে পাসের হার ৩৮ দশমিক ২১ শতাংশ। অন্যদিকে অকৃতকার্য হয়েছে ৪৫ হাজার ১১৮ জন, যা মোট পরীক্ষার্থীর ৬১ দশমিক ৭৯ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে ১০ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৩১০ জন। এ বিভাগে পাসের হার ৪৩ দশমিক ৮৩ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৫ হাজার ২৫ জন, অর্থাৎ ফেলের হার ৫৬ দশমিক ১৭ শতাংশ।
তবে বিজ্ঞান বিভাগে চিত্র ছিল ভিন্ন। এ বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া ২২ হাজার ৩৩৬ জনের মধ্যে পাস করেছে ১৫ হাজার ১৬৭ জন। পাসের হার ৭০ দশমিক ০৩ শতাংশ। অন্যদিকে অকৃতকার্য হয়েছে ৭ হাজার ১৬৯ জন, যা মোট পরীক্ষার্থীর ২৯ দশমিক ৯৭ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। যশোর শিক্ষা বোর্ডে মোট ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে। মোট পরীক্ষার্থীর হিসাবে এই হার ২ দশমিক ৮৬ শতাংশ। গত বছর এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী।
গত ৩১ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সম্পূরক পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন।
এর আগে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ছিল। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দিতে পারত।
তবে নতুন উদ্যোগের ফলে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। দ্রুত সম্পূরক পরীক্ষায় অংশ নিয়ে ফল উন্নত করার সুযোগ পাবেন তাঁরা।
১২৫ বার পড়া হয়েছে