শরীয়তপুরে নদীভাঙন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ‘সাকিন’ গবেষণার ফলাফল প্রকাশ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৬:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
শরীয়তপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা, পুনর্বাসন ও টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে ‘সাকিন’ শীর্ষক গবেষণার প্রাথমিক ফলাফল বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শহরের এসডিএস কার্যালয়ে আয়োজিত এই সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নদী গবেষকরা অংশ নেন। নদীভাঙন কবলিত মানুষের সার্বিক উন্নয়ন ও সহায়তামূলক নীতি প্রণয়নে গবেষণার তথ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন বক্তারা।
হিউম্যানিটারিয়ান এডভাইজারি গ্রুপ (এইচএজি), অস্ট্রেলিয়ার সহায়তায় তিনটি বেসরকারি উন্নয়ন সংস্থা—এসডিএস, ইনসাইটস নলেজ প্রাঃ লিঃ এবং মানব মুক্তি সংস্থা (এমএমএস) যৌথভাবে শরীয়তপুর ও সিরাজগঞ্জ জেলায় এই গবেষণা পরিচালনা করে। জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ ও সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রাসেল। এসডিএস-এর উপ-পরিচালক (মানব সম্পদ) অমলা দাসের সভাপতিত্বে এবং সহকারী সমন্বয়কারী মো. মাহাবুব আলমের সঞ্চালনায় কর্মশালায় গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ইনসাইটস নলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা নিগার রহমান, গবেষণা প্রধান সুমন আহসানুল ইসলাম এবং শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মিলটন হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা এতে অংশ নেন।
বক্তারা উল্লেখ করেন, নদীভাঙন বাংলাদেশের একটি অত্যন্ত ক্ষতিকর দীর্ঘস্থায়ী দুর্যোগ, যা প্রতিবছর হাজারো পরিবারকে বাস্তুচ্যুত করে। সাকিন গবেষণার এসব সুপারিশ স্থানীয় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও জীবিকায় সহায়ক নীতি গঠনে কার্যকর ভূমিকা রাখবে।
১২৭ বার পড়া হয়েছে