গাজীপুরে শ্রমিকদের সরাতে সাউন্ড গ্রেনেড, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৬:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরের মৌচাক এলাকায় ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ধাওয়া দেয়। পরে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে গেলে সকাল ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট ও ভোগান্তি।
এ সময় ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন।
একপর্যায়ে সকাল ১০টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় শ্রমিকেরা মহাসড়কের অন্য স্থানে আবারও জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবারও তাঁদের ধাওয়া দিলে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।
এরপর সকাল ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে যানবাহনের গতি কিছুটা ধীর রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তাঁরা মহাসড়কে অবস্থান করেন। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতের শ্রমিকেরাও মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া জরুন এলাকায়ও শ্রমিকেরা অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। সব মিলিয়ে ৮ থেকে ৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
১১৭ বার পড়া হয়েছে